পৌষসংক্রান্তিতে মাছের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষসংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শেরপুরের মাছের মেলা গত বুধবার শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও মুন্সিবাজারে গতকাল শুরু হওয়া এই মেলা চলবে আজ শুক্রবার রাত পর্যন্ত।
শেরপুরের স্থানীয় সূত্রে জানা গেছে, পৌষসংক্রান্তির এক দিন আগে কুশিয়ারা নদীর পারে প্রতিবছর মাছের মেলা বসে। এবার বুধবার সন্ধ্যা থেকে গতকাল গভীর রাত পর্যন্ত মেলা চলে। মেলায় মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্যপ্রেমীরা এসে ভিড় করেন। মেলায় বড় আকারের বোয়াল, চিতল, আইড়, রুই, বাগাড়সহ বিভিন্ন জাতের মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। বুধবার রাতে মেলার শেরপুর আড়তে ৬৫ কেজি ওজনের একটি বাগাড় মাছের দাম হাঁকানো হয় ৭৫ হাজার টাকা। খুচরা বিক্রেতারা বোয়াল, রুই, আইড়, চিতল, কাতল মাছের দাম হেঁকেছেন ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।
মেলায় ছিল খাবারের হোটেল, তিলুয়া, বাতাসা, খই-মুড়িসহ নানা রকম মৌসুমি ফল, শিশুদের খেলনা, শীতের কাপড়-চোপড়। ছিল বাঁশ-বেত ও কাঠের তৈরি আসবাবপত্র। মেলায় গৃহস্থালির নানা রকম কাঠের জিনিস, লোহা-লক্কড়ের সামগ্রী ও কৃষি যন্ত্রপাতির পাশাপাশি যাত্রা, নাগরদোলাও ছিল।
গতকাল দুপুরে শমশেরনগর বাজারে মেলা ঘুরে দেখা যায়, প্রতিটি মাছের দোকানে চিতল, রুই, কাতল, মৃগেল, পাঙাশ, আইড়, ব্রিগেট, রূপচাঁদা, গ্রাসকার্পসহ নানা জাতের সামুদ্রিক মাছ। সাধারণত হাটবাজারে পাওয়া যায় না এমন মাছ সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বিক্রেতারা চড়া দাম হাঁকালেও শেষ পর্যন্ত সহনীয় দামে মাছ বিক্রি হচ্ছে। ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছের দাম ছিল ১৫ হাজার টাকা। একই ওজনের একটি রুই মাছের দাম হাঁকানো হয় ১২ হাজার টাকা।
মাছের আড়তদার আবদুল মিয়া বলেন, আগের চেয়ে এখন দেশীয় মাছের সরবরাহ কমে গেছে। সাধারণত বাজারে এত বড় মাছ ওঠে না। পৌষসংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের হাওর, বাঁওড়, বিল ও নদী থেকে ধরে আনা মাছ এই দিনে সরবরাহ করা হয়। মেলা শুক্রবার রাত পর্যন্ত চলবে।
একই বাজারের মাছ বিক্রেতা মানিক মিয়া, মারুফুর রহমান ও আমির হোসেন বলেন, দাম বড় কথা নয়। মূলত ক্রেতাদের আকর্ষণ করে এমন বড় মাছ আনা হয় মাছের মেলায়। ক্রেতারা দরাদরি করে কিনে নিচ্ছেন। পরিবহন ব্যয় ধরে সামান্য লাভ হাতে রেখেই মাছ বিক্রি করছেন তাঁরা।