পেয়ারা বাঁচাতে কাপড়ের ব্যাগ
চাঁপাইনবাবগঞ্জে পোকামাকড় ও পাখির হাত থেকে পেয়ারা বাঁচাতে নিজেদের উদ্ভাবিত ‘কাপড়ের ব্যাগ’ প্রযুক্তি ব্যবহার করছেন পেয়ারাচাষিরা। তাঁরা পেয়ারায় পলিথিন ব্যাগ বা চীন থেকে আমদানি করা কাগজের ব্যাগের পরিবর্তে এ ধরনের কাপড়ের ব্যাগ ব্যবহার করে সুফল পাচ্ছেন বলে জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-আমনূরা সড়কের পাশে সদর উপজেলার জামতারায় পেয়ারাচাষি মতিউর রহমানের বন্দোবস্ত নেওয়া জমির পেয়ারাবাগানে গিয়ে দেখা যায়, ডাঁসা ডাঁসা সব পেয়ারায় পরানো রয়েছে কাপড়ের ব্যাগ। চাষি মতিউর বলেন, পাঁচ বছর ধরে তিনি গাছে কাপড়ের ব্যাগ ব্যবহার করে সুফল পাচ্ছেন। এবার তিনি অন্তত ১০ হাজার ব্যাগ ব্যবহার করেছেন। তিনি আরও বলেন, এর আগে পেয়ারায় পলিথিনের ব্যাগ ব্যবহার করা হতো। এতে পোকামাকড়ের হাত থেকে ফলটি বাঁচলেও পাখির উপদ্রব থেকে বাঁচানো যেত না। বড় একটা পেয়ারার দাম প্রায় ৫০ টাকা। কিন্তু পাখি ঠোকর দিলে সেই পেয়ারা আর বিক্রি করা সম্ভব হতো না। কিন্তু কাপড়ের ব্যাগ ব্যবহারে পাখির উপদ্রব থেকেও এ ফল রক্ষা করা সম্ভব হচ্ছে।
মতিউর রহমান জানান, পলিয়েস্টার বা ঝুট কাপড়ে এমন ব্যাগ তৈরিতে তিন থেকে চার টাকা খরচ হয়। প্রতিটি আবার চার-পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। অন্যদিকে পলিথিনের ব্যাগপিছু ২০ থেকে ৫০ পয়সা খরচ হলেও এসব ব্যাগে পেয়ারা ঘেমে যায়। এ ছাড়া পেয়ারা পেড়ে নেওয়ার পর পলিথিন বাগানে পড়ে থেকে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে চীন থেকে আমদানি করা কাগজের ব্যাগের দাম তিন টাকা। এতে ফলাফল ভালো পাওয়া গেলেও একবারের বেশি ব্যবহার করা যায় না।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রচুর পেয়ারা চাষ হয়। এ উপজেলার ফতেপুর ইউনিয়নের মিরকা ডাঙ্গার পেয়ারাচাষি মনিরুল ইসলাম বলেন, পাঁচ-ছয় বছর ধরে এলাকার পেয়ারাচাষিরা কাপড়ের ব্যাগ ব্যবহার করলেও এবার ব্যাপকভাবে ব্যবহার করছেন। তবে এলাকায় কে প্রথম এ ধরনের কাপড়ের ব্যাগ ব্যবহার শুরু করেছেন, তা জানা যায়নি। এখন এক চাষিকে দেখে আরেকজন ব্যবহার করছেন। কাপড়ের ব্যাগের মধ্যে পেয়ারার বৃদ্ধিও ভালো হয় বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান এ প্রসঙ্গে বলেন, নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান থেকে চাষিরা অনেক সময় স্থানীয়ভাবেই লাগসই প্রযুক্তির উদ্ভাবন করে থাকেন। এটা তেমনই একটা প্রযুক্তি। এর ক্ষতিকর কোনো প্রতিক্রিয়া নেই। বরং পলিথিনের ব্যাপক ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। সে ক্ষতির হাত থেকেও পরিবেশ বাঁচছে।