পেয়ারাগাছে মড়ক, চাষিদের মাথায় হাত
ধানের আবাদ করে কয়েক দফা লোকসান। তারপর পেয়ারা চাষের দিকে ঝুঁকছিলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোলসহ আশপাশের আরও কয়েকটি উপজেলার চাষিরা। লাভের মুখও দেখলেন। কিন্তু এ বছর হঠাৎ করে মড়ক লেগে উজাড় হতে শুরু করেছে বহু বাগান।
স্থানীয় কৃষি অফিসে দু-তিন মাস ধরে বারবার যোগাযোগ করেও পেয়ারার মড়ক প্রতিরোধে কার্যকর কোনো পরামর্শ মেলেনি বলে চাষিরা অভিযোগ করেন। তবে মড়কে আক্রান্ত একটি পেয়ারা বাগান গত সোমবার দুপুরে পরিদর্শন করেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ শাখার পরিচালক আবুল কালাম আজাদ।
আবুল কালাম প্রথম আলোকে বলেন, ফুজারিয়াম উইল্টের আক্রমণে ঢলে পড়া রোগে আক্রান্ত হয়ে পেয়ারাগাছগুলো মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত অম্লীয় মাটিতে এ রোগের প্রকোপ বেশি। তা ছাড়া গাছের গোড়া সব সময় স্যাঁতসেঁতে থাকলেও গাছ মারা যায়। এ রোগে আক্রান্ত গাছের পাতা ধীরে ধীরে শুকিয়ে ঝরে পড়ে এবং ডাল শুকিয়ে গাছ মারা যায়।
নাচোলে ব্যাপকভাবে রোগটি ছড়ানোর খবর স্থানীয় কৃষি বিভাগের কাছ থেকে পাওয়া যায়নি বলে জানান আবুল কালাম। তবে তিনি জানান, যত দ্রুত সম্ভব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তাৎক্ষণিকভাবে চাষিরা ৬৫ গ্রাম জিংক সালফেট, ১৪০ গ্রাম চুন দুই লিটার পানিতে মিশিয়ে এবং প্রতি মাসে একবার এক লিটার পানিতে দুই গ্রাম রিডুমোল্ড গোল্ড মিশিয়ে মাসে একবার স্প্রে করতে পারেন।
তবে নাচোলের কালহইর গ্রামে দুটি পেয়ারা বাগানে গিয়ে দেখা যায়, পরিস্থিতি খুবই খারাপ। চাষি নুরুন্নবীর বাগানে বেশ কিছু পেয়ারাগাছ ইতিমধ্যে মরে গেছে। গাছের পেয়ারাও শুকিয়ে ঝরে পড়েছে এবং ঠিকমতো বাড়ছে না। নুরুন্নবী বলেন, অনেকেই ঋণ নিয়ে পেয়ারা চাষ করেছেন। আশা করছিলেন, শীত মৌসুমে পেয়ারা বিক্রি করে ঋণ শোধ করবেন। কিছু লাভও করবেন। বাজারে ভালো দামও আছে। কিন্তু সে আশার গুড়ে বালি পড়েছে মড়কের কারণে।
গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের শরিফুল ইসলামের সাত বিঘার পেয়ারা বাগানের ১ হাজার ১৬০টি গাছ মরে গেছে। গাছগুলোর বয়স চার বছর। গত বছরের জানুয়ারি থেকে রোগাক্রান্ত হতে শুরু করে। নভেম্বর মাসে এসে সব কটিই মারা যায়। ৭ লাখ ৭৩ হাজার টাকা বিনিয়োগ করে তিনি পেয়ারা বাগান করেছিলেন। কিন্তু দুই লাখ টাকার পেয়ারাও বিক্রি করতে পারেননি। কালহইল এলাকার আরও বেশ কয়েকজন চাষির পেয়ারা বাগানের সব গাছ মরে গেছে।
শিবগঞ্জের কানসাটের চাষি মেসবাহ উদ্দীন বলেন, ‘১০ লাখ টাকা ব্যাংকঋণ নিয়ে ১৫ বিঘায় পেয়ারার চাষ করেছিলাম বন্দোবস্ত নেওয়া জমিতে। এ জন্য বিঘাপ্রতি ১০ হাজার টাকা করে দিতে হয়েছে। তিন বছর বয়সী বাগানে ছিল প্রায় ১৮ লাখ টাকার পেয়ারা। কিন্তু আড়াই মাসের মধ্যে বাগানের ৭৫ শতাংশ গাছই মারে গেছে। ফলও নষ্ট হয়েছে।’
নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার প্রথম আলোকে বলেন, তিনি এ উপজেলায় নতুন। ট্রাইকোডার্মা নামের ছত্রাকনাশক ব্যবহার করে এ রোগের প্রকোপ কমানো যেতে পারে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের (আম গবেষণাকেন্দ্র) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন বলেন, তিনিসহ কয়েকজন কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কয়েকটি বাগান পরিদর্শন করেছেন। তাঁদের পরামর্শ অনুযায়ী ভোলাহাটের বড়গাছির এক চাষি ক্যাব্রিওটপ নামের ছত্রাকনাশক ব্যবহার করে সুফল পেয়েছেন। তবে এ ব্যাপারে দ্রুত গবেষণা দরকার। গবেষণালব্ধ ফলাফল থেকেই সমাধানের ব্যাপারে চূড়ান্ত মতামত দেওয়া যেতে পারে।