
১৯৭১ সালের ১৫ জুন ছিল আষাঢ়ের প্রথম দিন। দুপুর থেকে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মধ্যে গানবোট ও লঞ্চের শব্দ শুনে শঙ্কিত হয়ে ওঠে গ্রামবাসী। তারা ভাবতেও পারেনি, দুর্গম কুড়িয়ানা গ্রামেও ঢুকে পড়বে পাকিস্তানি সেনারা।
সেনারা এসে ক্যাম্প ফেলে কুড়িয়ানা মাধ্যমিক বিদ্যালয়ে। তারপর শুরু করে এক ভয়াবহ গণহত্যার অভিযান। প্রথম দিনেই গ্রাম থেকে ধরে নিয়ে যাওয়া হয় ১০ থেকে ১২ জন নারী ও ৫ জন পুরুষকে। ক্যাম্পে নিয়ে নারীদের ধর্ষণ করে পাকিস্তানি সেনারা। আর দুই দিন পর (১৭ জুন) গুলি করে হত্যা করা হয় পুরুষদের।
দিনটার কথা এখনো স্পষ্ট মনে করতে পারেন গ্রামের অশীতিপর বৃদ্ধা মনখুশি সিকদার। ৫ মার্চ দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার এই নিভৃত গ্রামে বসে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। তিনি বলেন, দুপুরে পাকিস্তানি সেনারা গ্রামের বাড়িঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও হিন্দুদের খুঁজতে থাকে। মনখুশি সিকদারকে ক্যাম্পে ধরে নিয়ে যায় তারা। ক্যাম্পে গিয়ে মনখুশি সিকদার দেখেন, সেখানে একই গ্রামের কাসিশ্বর সিকদার, তাঁর গৃহভৃত্য ধীরেন, যজ্ঞেশ্বর সিকদার, জিতেন সিকদার ও বরিশাল থেকে সিকদার বাড়িতে আশ্রয় নেওয়া পান্ডু নামের এক তরুণকেও ধরে আনা হয়েছে। গ্রামের ১০ থেকে ১২ জন নারীকেও তুলে ক্যাম্পে এনেছে পাকিস্তানি সেনারা। নারীদের বিদ্যালয়ের দুটি কক্ষে বন্দী করে রাখা হয়। সেখানে তাদের ধর্ষণ করত পাকিস্তানি সেনারা। দুই দিন বন্দি রাখার পর ১৭ জুন কাসিশ্বর সিকদার, ধীরেন, যজ্ঞেশ্বর সিকদার, জিতেন সিকদার ও পান্ডুর দুই হাত পেছনে দড়ি দিয়ে বেঁধে ক্যাম্প থেকে বের করে নিয়ে যায় তারা। এরপর কুড়িয়ানা বাজারের কাছে ভাড়ানি খালের পাশে সারিবদ্ধ দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রাখা হয়।
এটা ছিল এই গ্রামে এক দীর্ঘ হত্যাযজ্ঞের শুরুর দৃশ্যমাত্র। পরবর্তী তিন সপ্তাহ এ রকম দৃশ্য প্রায় নিয়মিত হয়ে ওঠে।
পাকিস্তানি সেনাদের মূল লক্ষ্য ছিল কুড়িয়ানা গ্রামের চারপাশের পেয়ারাবাগানগুলো। স্থানীয় রাজাকারেরা তাদের খবর দিয়েছে, এসব পেয়ারাবাগানে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের ধরতে গন্ধ শুঁকে শুঁকে সেখানে হাজির পাকিস্তানি সেনারা। কোনো মুক্তিযোদ্ধা তারা পায়নি বটে, তবে পেয়েছিল বাগানগুলোয় আশ্রয় নেওয়া বহু মানুষকে। আশপাশের কয়েকটি জেলা থেকে সেখানে এসে আশ্রয় নিয়েছিল মানুষগুলো।
আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সংগীতকাঠী গ্রামের হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, পেয়ারাবাগানগুলোতে আশ্রয় নেওয়া মানুষজনের ধারণা হয়েছিল, জায়গাটা বিল এলাকা হওয়ায় অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে শত্রুর নাগালের বাইরে থাকা যাবে। কিন্তু তাদের সে ধারণা ভুল প্রমাণ করে গানবোটের আওয়াজ তুলে ১৫ জুন সেখানে হাজির হয় পাকিস্তানি সেনারা। তারা প্রথমে পেয়ারাবাগানে আশ্রয় নেওয়া মানুষজনকে ধরে এনে হত্যা শুরু করে। এরপর তারা আশপাশের গ্রামগুলোর প্রতিটি বাড়ি থেকে একজন করে লোক সংগ্রহ করে। এসব লোক ও স্থানীয় মুসলিম লীগের কর্মীদের দিয়ে শুরু করে পেয়ারাবাগানের গাছ কাটা। পাকিস্তানি সেনাদের পাহারায় পরবর্তী ১০ থেকে ১২ দিন ধরে কয়েক শ লোক কেটে সাফ করে শত শত একর পেয়ারাবাগান।
নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, গেরিলা যুদ্ধের জন্য পেয়ারাবাগান উপযুক্ত ছিল। মুক্তিযুদ্ধের শুরুর দিকে বরিশাল, ঝালকাঠি ও নেছারাবাদ উপজেলার কিছু মুক্তিযোদ্ধা আটঘর কুড়িয়ানার পানিবন্দি পেয়ারাবাগানে জড়ো হয়ে মুক্তিযুদ্ধের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড শুরু করেছিলেন বটে, কিন্তু পাকিস্তানি সেনাদের আওয়াজ পেয়ে মুক্তিযোদ্ধারা পেয়ারাবাগান ছেড়ে চলে যান। আর পাকিস্তানি সেনাদের রোষের শিকার হন পেয়ারাবাগানে আশ্রয় নেওয়া মানুষজন।
মনখুশি সিকদার বলেন, প্রতিদিন পাকিস্তানি সেনারা পেয়ারাবাগান ও পথঘাট থেকে মানুষজনকে ধরে নিয়ে যেত। এরপর তাদের দড়ি দিয়ে বেঁধে ভাড়ানি খালের পাশে ও কুড়িয়ানা গ্রামের জয়দেব সিকদারের বাড়ির সামনে হত্যা করে লাশ সেখানে ফেলে রাখত।
গণহত্যার প্রত্যক্ষদর্শী একই গ্রামের ধীরেন সিকদার (৬৫) বলেন, পাকিস্তানি সেনাদের আসার খবর পেয়ে তাঁর চাচা কাসিশ্বর সিকদার (৭০) বাড়ির পেছনের বাগানে আশ্রয় নিয়েছিলেন। সঙ্গে ছিলেন গৃহভৃত্য ধীরেন। সেখান থেকেও তাঁদের ধরে নিয়ে গিয়ে দুই দিন পর বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়। পরিবারের লোকজন লাশ তুলে নিয়ে শেষকৃত্য করার সাহস পায়নি। বধ্যভূমিতে পচে লাশ মাটির সঙ্গে মিশে যায়।
ধীরেন সিকদার বলেন, ‘আমরা প্রায়ই দেখতাম, অচেনা যুবকদের দড়ি দিয়ে বেঁধে বধ্যভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গুলি করে তাদের হত্যা করে পাকিস্তানি সেনারা চলে যেত। প্রায় প্রতিদিনই যুবকদের এভাবে ধরে এনে হত্যা করা হতো। কিছু নারীর লাশও সেখানে দেখেছি। বধ্যভূমি দুটিতে লাশের ওপর লাশ পড়ে ছিল। লাশের পচা গন্ধে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারত না। কুকুর, শকুন ও কাক মৃতদেহ খাচ্ছে, আমরা দেখেছি।’ স্বাধীনতার পর জয়দেব সিকদারের বাড়ির সামনের বধ্যভূমি থেকে ৭০টি মাথার খুলি উদ্ধার করা হয়। পাকিস্তানি সেনারা ২১ দিন কুড়িয়ানায় ছিল। এ সময় দুটি বধ্যভূমিতে (জয়দেব সিকদারের বাড়ির সামনের বধ্যভূমি ও কুড়িয়ানা গ্রামের ভাড়ানি খালের পাশের বধ্যভূমি) হত্যা করা হয় তিন শতাধিক মানুষকে।
স্থানীয় লোকজন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভয়াবহ এই হত্যাযজ্ঞের স্মৃতিচিহ্ন হিসেবে আটঘর কুড়িয়ানায় গড়ে ওঠেনি কোনো স্মৃতিস্তম্ভ। বধ্যভূমির জায়গা চিহ্নিত করা ছাড়া প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাকিস্তানি সেনাদের হাতে নির্যাতিত বীরাঙ্গনাদের দেওয়া হয়নি স্বীকৃতি।