পৈতৃক নিবাসে শচীন দেববর্মন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন দেববর্মন ছিলেন মনেপ্রাণে বাঙালি। বাংলা গানের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। রাজপরিবারের সদস্য হয়েও তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করেছেন। তিনি নিজের সুরেই বেশির ভাগ গান গেয়েছেন। তাঁর অজস্র জনপ্রিয় বাংলা গান এখনো মানুষের মুখে মুখে শোনা যায়।
উপমহাদেশের কিংবদন্দি এই সংগীতশিল্পী সম্পর্কে গতকাল মঙ্গলবার কুমিল্লায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা নগরের উত্তর চর্থা এলাকায় শচীন দেববর্মনের পৈতৃক বাড়িতে তাঁর স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও কুমিল্লা জেলা প্রশাসন যৌথভাবে শচীন দেববর্মন উৎসব উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করে। এবারই প্রথমবারের মতো এই আয়োজন করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বক্তৃতা করেন কুমিল্লা মহিলা সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ আলী, ইতিহাসবিদ গোলাম ফারুক ও সংগীতশিল্পী কিরণচন্দ্র রায়।
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, এখন থেকে প্রতিবছর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে শিল্পীর বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হবে।