বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির মহানায়িকা সুচিত্রা সেনের দ্বিতীয় প্রয়াণ দিবস আজ রোববার। এ উপলক্ষে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এদিকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দখলমুক্ত সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি দেড় বছর ধরে তালাবদ্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পাবনাবাসী। বাড়িটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেন, দখলমুক্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে বাড়িটি তালাবদ্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করা হবে।সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক চিকিৎসক রাম দুলাল ভৌমিক প্রথম আলোকে বলেন, বেলা ১১টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর স্মরণসভা হবে। এতে সুচিত্রা সেনের ভক্ত-অনুরাগী ও সুধীজনেরা অংশ নেবেন।