পৈশাচিক
বাবা-মায়ের ঝগড়ার সময় কেঁদে ওঠে তিন মাসের শিশু জুবায়ের। সেই কান্না শুনে ক্ষুব্ধ বাবা শিশুটির মুখে থাপড় মারেন। সঙ্গে সঙ্গে মারা যায় শিশুটি।গতকাল শনিবার বিকেলে রাজধানীর মধ্য কুনিপাড়ার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ শিশুটির বাবাকে গ্রেপ্তার করেছে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, শিশুটির বাবা নুরুল হুদা একটি বহুজাতিক কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী। মা শিউলি গৃহিণী। তাঁরা থাকেন তেজগাঁও এলাকায় হাতিরঝিল প্রকল্পের পাশে গড়ে ওঠা একটি তিনতলা টিনশেড বাড়ির ওপরতলায়। গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে শিশুটি কেঁদে ওঠে। এ সময় শিশুটির মা একটু দূরে ছিলেন। কাছে ছিলেন বাবা নুরুল হুদা। কান্না শুনে তিনি শিশুটির মুখে থাপড় মারেন। শিশুটি নিস্তেজ হয়ে পড়ে এবং পরে মারা যায়। শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, পুলিশ শিশুটির বাবাকে গ্রেপ্তার করেছে। তিনি পুলিশকে বলেছেন, রাগের মাথায় তিনি থাপড় দিয়েছিলেন।