পৈশাচিক নির্যাতন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে সংখ্যালঘু দরিদ্র এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাঁর গোপনাঙ্গে উপর্যুপরি ছুরি চালিয়ে ক্ষত-বিক্ষত করেছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও টাকার অভাবে চিকিৎসা শেষ না করেই গত সোমবার তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ গতকাল মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।গতকাল নবীনগর সদর উপজেলা থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত শ্যামগ্রামে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি ঘরে চৌকির ওপর গৃহবধূকে শুইয়ে রাখা হয়েছে। গৃহবধূর স্বামী নয়ন কর্মকার (২৮) জানান, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্ত্রীর গোপনাঙ্গে একাধিকবার অস্ত্রোপচার করা হয়। ডাক্তাররা বলেছেন, আরও অস্ত্রোপচার করাতে হবে। কিন্তু টাকা না থাকায় চিকিৎসা না করিয়েই স্ত্রীকে বাড়ি নিয়ে এসেছি।’গৃহবধূর আত্মীয়স্ব্বজন ও ওই গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ আগস্ট আনুমানিক রাত দুইটার দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত শ্যামগ্রামের উত্তরপাড়ার নয়ন কর্মকারের (২৮) ঘরে ঢুকে তাঁর ঘুমন্ত স্ত্রী মণি কর্মকারের গলা ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেয়। এরপর দুর্বৃত্তরা মণি কর্মকারকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা গৃহবধূর গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই রাতেই গুরুতর অবস্থায় গৃহবধূকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ১২ দিন চিকিৎসার পর টাকার অভাবে সেখান থেকে গত সোমবার গৃহবধূকে বাড়ি আনা হয়।এ ঘটনায় ২ সেপ্টেম্বর নয়ন কর্মকার বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেন। কিন্তু পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।গ্রামের বাসিন্দা চিকিৎসক নবদ্বীপ দেব, শিক্ষক দীপক রায়, নাজিম উদ্দিন, আবদুর রহমানসহ কয়েকজন এলাকাবাসী জানান, এমন নির্দয় ও পৈশাচিক ঘটনা এলাকায় আগে আর ঘটেনি। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে।শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘জঘন্য এই ঘটনার পর ৩১ আগস্ট উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও এবং ওসিকে সরেজমিনে এসে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এঁদের কেউ গতকাল পর্যন্ত ঘটনাস্থলে আসেননি।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, আসামি ধরতে পুলিশি অভিযান চলছে। দু-এক দিনের মধ্যে আসামিরা গ্রেপ্তার হবে বলে আশা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম বলেন, ‘আসলে এই মুহূর্তে মেয়েটির জরুরি চিকিৎসা প্রয়োজন। আমি কাল কিংবা পরশু মেয়েটিকে দেখতে যাব। এরপর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’