পোকা-আতঙ্কে গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ এক ধরনের পোকা-আতঙ্কে থাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার কলেজ পরিদর্শন করেছেন তিনি। তিনি কলেজের পোকা-আক্রান্ত এলাকাগুলো ঘুরে দেখেন। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে কথা বলেন।

এক সপ্তাহ ধরে রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজে এক বিশেষ ধরনের পোকা-আতঙ্ক দেখা দিয়েছে। পোকাগুলো ২/৩ সেন্টিমিটার লম্বা, সাদাটে রং, অনেকগুলো পা আছে। পোকাগুলো উড়তে পারে না। এগুলো কলেজ ক্যাম্পাসে বিশাল একটি রেইনট্রি গাছের সর্বত্র ভরে আছে। গাছ থেকে নেমে পোকাগুলো শ্রেণীকক্ষ, করিডোর, পয়োনালাসহ সর্বত্র বিচরণ করেছে। একই ধরনের পোকা আশপাশেও দেখা যাচ্ছে।

কলেজের অধ্যক্ষ ইফফাত আরা নার্গিস জানান, কলেজের কয়েকজন শিক্ষক পোকায় আক্রান্ত হয়েছেন। পোকা-আক্রান্ত স্থান লাল হয়ে যায় এবং ফোসকা ওঠে। লাখ লাখ পোকা এখন কলেজ ক্যাম্পাসে বিরাজ করছে।

শিক্ষামন্ত্রী কলেজের শিক্ষক-ছাত্রীদেরকে আশ্বস্ত করে বলেন, শিগগিরই এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি এ সময় ফোনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলে বিশেষজ্ঞ টিম পাঠানের নির্দেশ দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়কেও এ বিষয়ে অবহিত করা হয়েছে। মন্ত্রী শিক্ষক-ছাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

শিক্ষামন্ত্রীর নির্দেশ পেয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কীটতত্ত্ব বিভাগের পাঁচ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ দল আজই গার্হস্থ্য অর্থনীতি কলেজে পর্যবেক্ষণের কাজ শুরু করেছে। দলের অন্য সদস্যরা হলেন আবদুল লতিফ, রজ্জব আলী, মিজানুর রহমান, ১ জন ফার্ম সুপার ও ১ জন সহকারী।

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মো. আবুল মঞ্জুর খানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট অপর একটি দল কাল শুক্রবার সকাল থেকে পর্যবেক্ষণের কাজ শুরু করবে। ওই দলের অন্য দুজন হলেন খন্দকার শরীফুল ইসলাম ও গোপাল দাস। উভয় দল কলেজ ক্যাম্পাস থেকে পোকা সংগ্রহ করবে এবং পোকার আচার-আচরণ, জন্মবৃত্তান্ত, ক্ষতিকর প্রভাব পর্যবেক্ষণ করবে।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল এ নিয়ে কাজ শুরু করেছে।