পোকা দমনে দল বেঁধে কীটনাশক প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বোরোর চারা লাগানোর পর ধানগাছগুলো ইতিমধ্যেই সবুজ ও সতেজ হয়ে উঠেছে। এখন খেতে কীটনাশক ছিটানোর সময়। এবার পাবনার বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার বোরোখেতে দল বেঁধে কীটনাশক ছিটানো হচ্ছে।গত সোমবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, হাতিগাড়া মহল্লার বোরোখেতে ১৫ থেকে ২০ জন কৃষকের ভিড়। পাশেই চার-পাঁচজন কীটনাশক ছিটানোর যন্ত্র দিয়ে ধানখেতে ওষুধ ছিটাচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেল, কৃষকদের সংগঠন বেড়া কৃষি ক্লাবের উদ্যোগে গোটা মাঠের ধানখেতে কীটনাশক ছিটানোর তদারকি করতে এসব কৃষক সমবেত হয়েছেন।এ সময় কৃষকেরা জানান, এ মাঠে প্রায় দেড় শ বিঘা জমিতে বোরো আবাদ হয়েছে। এবার কৃষকেরা একসঙ্গে দল বেঁধে এসব জমিতে কীটনাশক ছিটানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে তাঁরা নানামুখী উপকারের আশা করছেন। ইতিমধ্যে কৃষি ক্লাবের পক্ষ থেকে বিনা মূল্যে কীটনাশক ও মেশিন সরবরাহ করা হয়েছে। আগে মেশিনের অভাবে অনেক কৃষকই সময়মতো কীটনাশক ছিটাতে পারতেন না। এ ছাড়া কীটনাশক ছিটাতে তাঁদের বাড়তি সময়ও ব্যয় করতে হতো। কিন্তু এখন চার-পাঁচজন কৃষক দল বেঁধে পালা করে এলাকার সব জমিতে কীটনাশক ছিটাচ্ছেন। যাঁরা এ কীটনাশক ছিটানোর কাজ করছেন, তাঁদের পারিশ্রমিক দেবে বেড়া কৃষি ক্লাব ও উপকারভোগী কৃষক (কৃষকেরা পারিশ্রমিক দেবেন যে যাঁর ইচ্ছামতো)। এতে কৃষকের যেমন অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি পরিশ্রমও কমে গেছে।বেড়া কৃষি ক্লাবের সভাপতি এম আর এম ফিরোজ বলেন, ‘আগে কৃষকেরা আলাদাভাবে নিজ নিজ কীটনাশক ছিটাতেন বলে মাঠের সব পোকা একসঙ্গে দমন হতো না। কিন্তু এখন দল বেঁধে একসঙ্গে মাঠের সব জমিতে কীটনাশক ছিটানোয় সব পোকা দমন হবে। প্রতি বিঘা জমিতে কৃষকদের কীটনাশক ছিটাতে ৩০০ টাকার মতো খরচের পাশাপাশি পরিশ্রমও হতো। এবারই প্রথম আমরা দল বেঁধে কীটনাশক ছিটালাম। ভবিষ্যতে আরও বেশি এলাকার জমিতে দল বেঁধে কীটনাশক ছিটানো হবে। পাশাপাশি দলবদ্ধভাবে জমি চাষাবাদ করার পরিকল্পনাও আমাদের রয়েছে।’বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘কৃষকেরা একত্র হয়ে যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। আমরা এ ব্যাপারে তাঁদের সহায়তা ও পরামর্শ দিতে প্রস্তুত আছি।’