পোকা দমনে 'পার্চিং পদ্ধতি'
হাশেম আলী মোল্যা এবার দেড় বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। পোকামাকড়ের হাত থেকে ধানের চারা রক্ষা করতে তিনি খেতের মধ্যে ২০টি বাঁশের কঞ্চি পুঁতে রেখেছেন। ওই কঞ্চিতে পাখি এসে বসছে। পাখিগুলো খেতের ক্ষতিকর পোকামাকড় ধরে খাচ্ছে।
যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের এই কৃষক বলেন, ধানের ক্ষতিকর পোকা দমনে বিশেষ করে মাজরা পোকা দমনে নির্দিষ্ট ব্যবধানে কঞ্চি পুঁতে রেখেছেন। এতে খুব উপকার পাচ্ছেন। এসব কঞ্চিতে ফিঙে বসছে। আর পাখিগুলো ক্ষতিকর পোকামাকড় ধরে খাচ্ছে। খেতে কোনো কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না।
হাশেম আলী মোল্যার মতো যশোর জেলার বেশির ভাগ কৃষক পাখি বসার উপযোগী বাঁশের আগা, কঞ্চি, গাছের ডাল প্রভৃতি পুঁতে বোরো খেতে ক্ষতিকর পোকা দমন করছেন। বাড়তি খরচ আর কীটনাশকের ব্যবহার না থাকায় ক্রমান্বয়ে এই পদ্ধতি জনপ্রিয় হচ্ছে।

কৃষিবিদেরা বলছেন, খেতের ক্ষতিকর পোকা দমনে এটা প্রাকৃতিক পদ্ধতি। এই পদ্ধতির নাম ‘পার্চিং’ অর্থাৎ পাখির বসার জন্য দাঁড়। এই পদ্ধতিতে ধানখেতে পাখি বসার উপযোগী বাঁশের আগা, কঞ্চি, গাছের ডাল প্রভৃতি পুঁতে দিতে হয়। পাখি বাঁশের এই আগা, কঞ্চি, গাছের ডালে বসে ক্ষতিকর পোকামাকড় ধরে খায়। ক্ষতিকর পোকামাকড় বিশেষ করে মাজরা পোকা দমনে এই পদ্ধতি বেশ কার্যকর। ধানের চারা রোপণের ২০ দিনের মধ্যে খেতে পার্চিং করা হয়। এক বিঘা জমির একটি খেতে কমপক্ষে ১০টি বাঁশের আগা, কঞ্চি বা ডাল পুঁততে হয় বলে তাঁরা জানান।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, প্রতিবছর জেলায় বোরো আবাদে জমির পরিমাণ বাড়ছে। সেই সঙ্গে জেলার কৃষকদের মধ্যে পার্চিংয়ের ব্যবহারও বাড়ছে। ২০১৬ সালে বোরো মৌসুমে জেলায় ১ লাখ ৪৩ হাজার ৫৪০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ১০ হেক্টর জমিতে পার্চিং করা হয়েছিল। অর্থাৎ মোট আবাদের ৮৫ শতাংশ জমিতে পার্চিং করা হয়েছিল।
সূত্রটি আরও জানায়, গত বোরো মৌসুমে জেলায় ১ লাখ ৫১ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরোর চাষ করা হয়েছিল। এর মধ্যে ৯০ শতাংশ জমিতে পার্চিং করা হয়। চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৬৫ হাজার ৭৯০ হেক্টর জমিতে বোরোর চাষ করা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৮১৫ হেক্টর জমিতে পার্চিং করা হয়েছে; যা মোট আবাদের ৮৮ শতাংশ। এখনো খেতে পার্চিং চলছে। চলতি বছর তা ৯৫ শতাংশ পর্যন্ত হবে বলে আশা করা যায়।
জেলার কয়েকটি অঞ্চলে বোরো খেত ঘুরে দেখা গেছে, অনেকে খেতের মধ্যে কিছুদূর পরপর কৃষক বাঁশের আগা, কঞ্চি, গাছের ডাল প্রভৃতি পুঁতে দিয়েছেন। অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামের কৃষক সাইদুল ইসলাম এবার তিন বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। তিনি সম্পূর্ণ খেতে পার্চিং করেছেন। তিনি বলেন, তিন বিঘার জমির বোরো ধানের খেতে তিনি ১৫টি গাছের ছোট ডাল এবং ১৬টি বাঁশের কঞ্চি পুঁতে দিয়েছেন। ফিঙে ও শালিক ওই ডালে বসে খেতের ক্ষতিকর পোকা ধরে খেয়ে ফেলছে। এতে ভালো কাজ হচ্ছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী হাবীবুর রহমান বলেন, ক্ষতিকর পোকা বিশেষ করে মাজরা দমনে পার্চিং পদ্ধতি খুব কার্যকর। এই পদ্ধতি পরিবেশবান্ধব। মাজরা পোকা দমনে কীটনাশক না দেওয়ায় এতে কৃষকের উৎপাদন ব্যয়ও কম হয়। ধানের ফলনও বেশি হয়। খেতে পুঁতে দেওয়া বাঁশের কঞ্চি ও ডালপালায় নানা রঙের পাখি বসে মাজরা পোকার ডিম খেয়ে ফেলে। তাঁরা কৃষকদের খেতে পার্চিং করতে উৎসাহ দিচ্ছেন।