পোকা-রোগে নষ্ট হচ্ছে দেড় হাজার বিঘার আমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় কারেন্ট পোকা ও বীজবাহিত রোগে প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। গত ২০ দিন ধরে এই আক্রমণ দেখা দিয়েছে। কৃষকেরা ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করেও ধান রক্ষা করতে পারছেন না। ক্ষতিগ্রস্ত কৃষকের ভাষ্যমতে, চলতি আমন মৌসুমে খেতে ব্রি-৪৯ জাতের ধানসহ স্বর্ণা, পাইজাম ও বিআর-৩২ জাতের ধানেও এই আক্রমণ দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রি-৪৯ জাতের ধানে এবার রোগের আক্রমণ বেশি। উপজেলায় ২২ হাজার ২৪৫ হেক্টর আমন খেতের মধ্যে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে কৃষকেরা ব্রি-৪৯ জাতের ধান চাষ করেছেন। এর মধ্যে প্রায় দেড় হাজার বিঘা জমিতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, উপজেলার পূর্ব পাশের এলাকার চেয়ে পশ্চিম পাশের এলাকায় ধানখেতে এই আক্রমণ বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, মাঠের এক জমিতে এই আক্রমণ শুরু হলে অল্প দিনেই পাশের ধানখেতগুলো ছেয়ে যাচ্ছে।উপজেলার আম্বইল গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, তাঁর ১৫ বিঘা জমির আমন ধানে এই আক্রমণ দেখা দিয়েছে। কৃষি কর্মকর্তা ও স্থানীয় কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শে তিনি জমিতে ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করেও কোনো উপকার পাননি। ভবানীপুর গ্রামের কৃষক শাজাহান আলী জানান, গ্রামের কৃষকের কাছে ধানখেতের এই আক্রমণ ‘কারেন্ট পোকা ও লক্ষ্মীর গু’ রোগ নামে পরিচিত। এই কারণে প্রায় দেড় হাজার বিঘা জমির ধান ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে।কীটনাশক ব্যবসায়ী দেবনাথ কুণ্ডু জানান, কৃষকেরা কৃষি বিভাগের পরামর্শে ছত্রাকনাশক ও কীটনাশক সংগ্রহ করেছেন। তবে তিনি কৃষকের কাছ থেকে জেনেছেন এসব ব্যবহারে কৃষকেরা ধান রক্ষা করতে পারছেন না।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম জানান, কৃষকদের বীজ যথেষ্ট শোধন করে সংরক্ষণ না করায় এই কারেন্ট পোকা ও লক্ষ্মীর গুর আক্রমণ বেশি হয়েছে। এবার এলাকায় ৪৯ জাতের ধানে এই আক্রমণ বেশি হয়েছে। বিষয়টি বিভাগীয় গবেষণা পর্যায়ে অবগত করা হয়েছে।