পোকাটি উদ্ভিদের জন্য বেশি ক্ষতিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরে গার্হস্থ্য অর্থনীতি কলেজে আতঙ্ক সৃষ্টি করা পোকা ফলদ ও কাঠজাতীয় উদ্ভিদের জন্য খুব ক্ষতিকর। পোকাটি অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। পানি ছিটালে বা বৃষ্টি হলে এটি দমন হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞদের গবেষণার ভিত্তিতে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে বলা হয়, এই পোকা মানুষের গায়ে বসলে লাল হয়ে ফোসকা পড়ে, চুলকানি, অ্যালার্জি ও শ্বাসকষ্ট হতে পারে।
কিছুদিন ধরে অসংখ্য পোকায় ছেয়ে গেছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ক্যাম্পাস। কলেজের একটি রেইনট্রি গাছ থেকে পোকাগুলো করিডর, শ্রেণীকক্ষ এবং আবাসিক এলাকার গাছে ছড়িয়ে পড়েছে। এখন কলেজের আশপাশে ছড়াচ্ছে।
বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি বিশেষজ্ঞ দল কাজ করেন। গতকাল সংবাদ সম্মেলনে তাঁদের গবেষণার প্রাথমিক তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জায়ান্ট মিলিবাগ নামের আফ্রিকার এই পোকা কয়েক বছর ধরে বাংলাদেশে দেখা যাচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, এই পোকা এখনই দমন করা না হলে এটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এটা যাতে মারাত্মক আকার ধারণ করতে না পারে, এ জন্য যার যার অবস্থান থেকে ব্যবস্থা নিতে হবে।