পোকামাকড়ের সঙ্গে বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মেঝেতে হাঁটুপানি। ঠাঁই নেওয়ার মতো শুকনো জায়গা নেই। তাই আনজু আরাদের পরিবারের রান্না, খাওয়াদাওয়া, বসবাস—সবই এখন নৌকায়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রাম থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঘরের মেঝেতে হাঁটুপানি। ঠাঁই নেওয়ার মতো শুকনো জায়গা নেই। তাই আনজু আরাদের পরিবারের রান্না, খাওয়াদাওয়া, বসবাস—সবই এখন নৌকায়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রাম থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

ঘরের মেঝেতে হাঁটুপানি। চৌকি ডুবুডুবু করছে। শুধু বিছানাটা ভেজেনি। বাইরেও একই অবস্থা। নৌকা, কলার ভেলা ছাড়া দাঁড়ানোর ডাঙ্গা নেই। নেই উঁচু জায়গায় যাওয়ার সামর্থ্য। তাই নৌকার মধ্যেই রান্না, ঘুমানো, খাওয়াদাওয়া চলছে। ভেড়া-ছাগল রাখা হয়েছে চৌকিতে। মোরগ-মুরগি ঘুরে বেড়াচ্ছে ঘরের চালে। গতকাল বুধবার সকালে বন্যাকবলিত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ও ফজলুপুর ইউনিয়ন ঘুরে এমন দৃশ্য চোখে পড়ল।

উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে গিয়ে দেখা গেল নৌকায় মানুষের বসবাসের চিত্র। ওই গ্রামের দিনমজুর ফকির চান। পাঁচ ছেলেমেয়ে নিয়ে সাত সদস্যের সংসার। বন্যার আগে তিনি দিনমজুরের কাজে ঢাকায় গেছেন। স্ত্রী আনজু আরা (৪০) শিশুসন্তানকে নিয়ে নৌকায় বসে আছেন। কী করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাড়িত ছোলের বাপ নাই। ছোলগুলেক নিয়া বিপোদোত পড়চি। শুকনা জাগা নাই। বাড়ির জিনিসপাতি থুয়া কোনটে যামো। চার দিন থাকি নায়ের (নৌকা) মদ্দে থাকপার নাগচি।’ তাঁর ছেলে আমজাদ হোসেন বলেন, ‘কষ্টো করি নায়োত থাকা খাওয়া যায়। কিনতো প্রোসাব পায়খানা করমো কোনটে। ছাতি ধরি নায়ের মদ্দে তা সারব্যার নাগচি।’ তিনি আরও বলেন, ‘কষ্টো করি আচি, কাউয়ো হামারঘরে খবর ন্যায় নাই।’

একই গ্রামের কৃষক আমির আলী (৫৫) বলেন, ‘আইতোত নায়ের মদ্দে নিন (ঘুম) পাব্যার চাই। কিনতো সাপ, পোকামাকরের ভয়ে নিন ধরে না।’ ওই গ্রামের আছিরন নেছা (৪২) বলেন, ‘গায়ের সগ টিউবল ডুব গ্যাচে। হামার বানের পানি খাবার নাগচি।’ তিনি আরও বলেন, ‘ছোট ছোলগুলে নায়ের মদ্দে পায়খানা করব্যার পারে, কিনতো হামারঘরে মহিলারা বিপদোত পড়চি।’

উড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার বলেন, বন্যাকবলিত ওই সব গ্রামে ত্রাণ দেওয়া হচ্ছে। তবে আরও শুকনা খাবারের চাহিদা আছে। পানিবন্দী ব্যক্তিদের উদ্ধার করা হচ্ছে।

পার্শ্ববর্তী ফজলুপুর ইউনিয়নের ভাজনডাঙ্গা গ্রামের একই চিত্র। বাড়ির আঙিনায় পানি। মেঝেতেও পানি উঠছে। শুধু চৌকিটি অবশিষ্ট আছে। সেই চৌকিতে ঘুমাচ্ছেন আজিজুল ইসলাম (৭৫)। বাড়িতে পরিবারের লোকজন নেই। তাঁরা খাবার সংগ্রহে গেছেন। প্রতিবেশী আবদুল মতিন (৪৫) বলেন, ‘কী কমো ভাই। অসুসত মানুষ। কোনোখানে যাবার পায় নাই। আল্লাহ ভরসা করি ঘরোত আচে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘অবিবার (রোববার) থাকি পানির মদ্দে বন্দী হয়া আচি। চার দিন হয়া গেল। কাউয়ো হামারঘরে খবর নিবার আইল না। একন পর্যন্ত ইলিপ পানো না।’

তাঁর সঙ্গে কথা বলার সময় একই গ্রামের দিনমজুর কাশেম মিয়া (৫০) বলেন, ‘পানির মদ্দে মাছ, পোকামাকর থাকে। হামরাও পোকামাকরের সাথে থাকপ্যার নাগচি।’ তিনি আরও বলেন, ‘উপজেলাত থাকি হামারঘরে গাও অনেক দূরোত। নাওয়োত আসতে তিন-চার ঘণ্টা সমায় নাগে। তাই কাউয়ো আসপার চায় না। সগলে খালি উচে জায়গাত আসি ইলিপ দিয়া যায়।’ জানতে চাইলে ফজলুপুর ইউপির চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, পানিবন্দী ব্যক্তিদের উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

পানিবন্দী ব্যক্তিদের উদ্ধারে কী ব্যবস্থা নিয়েছেন, জানতে চাইলে ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, প্রশাসনের সহায়তায় তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলায় এ পর্যন্ত সাড়ে ৭ লাখ টাকা ও ৩৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ চলছে।