পোকার আক্রমণে ঝরে গেছে আমের মুকুল
রাজশাহীর আমবাগানসমৃদ্ধ এলাকা চারঘাট ও বাঘায় ‘হপার’ পোকার আক্রমণে আমের মুকুল ঝরে গেছে। ওষুধ ছিটিয়েও আমচাষিরা এই পোকার আক্রমণ ঠেকাতে পারছেন না। চাষিদের ভাষ্যমতে, এবার আম বিক্রি করে ওষুধের দামই উঠবে না। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোটা জেলায় আট হাজার ৬৬৭ হেক্টরে আমবাগান রয়েছে। এর অর্ধেকেরও বেশি বাগান চারঘাট ও বাঘায় । চারঘাটে দেড় হাজার হেক্টর এবং বাঘায় চার হাজার ৫৫ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এবার এই দুই উপজেলার বেশির ভাগ এলাকায় ‘হপার’ পোকার আক্রমণ দেখা দিয়েছে। এর মধ্যে চারঘাটের বাকড়া, লক্ষ্মীপুর, ভায়ালক্ষ্মীপুর, তালবাড়িয়া, বড়বড়িয়া, রায়পুর, বাঘার মনিগ্রাম, হাবাসপুর, তুলসীপুর-হরিপুর, আড়পাড়া, আড়ানী এলাকায় এই পোকার আক্রমণে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। গত সোমবার চারঘাটের রায়পুর, বাকড়া, তালবাড়িয়া ও বড়বড়িয়া এলাকায় গিয়ে দেখা যায়, অধিকাংশ গাছের মুকুল ঝরে গেছে। চাষিরা জানান, এক কোম্পানির ওষুধে কাজ হচ্ছে না দেখে তাঁরা আরেক কোম্পানির ওষুধ কিনেছেন। একের পর এক বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করেছেন। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের দক্ষিণ বাকড়া গ্রামের আমচাষি ও ব্যবসায়ী আসাদুল হকের প্রায় ৪০ বিঘার একটি বাগান আছে। সেই বাগানে গিয়ে দেখা যায়, মাঝেমধ্যে দু-একটি গাছে পাতার ফাঁকে দু-চারটি আমের গুটি রয়েছে। আর সব মুকুল ঝরে গেছে। আসাদুল জানান, প্রায় ৩০ লাখ টাকার আম তিনি অগ্রিম কিনে রেখেছেন। এ ছাড়া রয়েছে তার নিজের বাগান। সবই শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘এই আম কেনার জন্য ১০ লাখ টাকা দাদন নিয়েছি। একটি কোম্পানির ৮৪ হাজার টাকার ওষুধ ছিটিয়েছি। তাতেও কাজ হয়নি। এবার গাছে যে পরিমাণ আম রয়েছে, তা বেচে ওষুধের দামই শোধ হবে না।’ বাঘার বলিহার গ্রামের আমচাষি বিমল সরকারের ২০ বিঘা আমবাগান রয়েছে। তিনি বলেন, গাছে হপার পোকার আক্রমণে তিনি দিশেহারা হয়ে তিন-চার কোম্পানির ওষুধ ব্যবহার করেছেন। কিছুতেই কিছু হয়নি। চারঘাটের উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসিন আলী বলেন, হপার পোকা ফুল থেকে গুটি হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আক্রমণ করে। এবার হপারের আক্রমণে আমের ক্ষতির কথা নিশ্চিত করে তিনি বলেন, ‘আমচাষিরা হয়তো সময়মতো মাত্রা অনুযায়ী ওষুধ দিতে পারেননি।’ একটি কোম্পানির রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপক বলেন, আমচাষিদের অসচেতনতার কারণেই এটা হয়েছে। তারা প্রথমে কম মাত্রায় ওষুধ প্রয়োগ করে। এতে করে পোকার প্রতিরোধক্ষমতা আরও বেড়ে যায়। পরে সঠিক মাত্রা প্রয়োগ করলেও আর কাজ হয় না। তিনি বলেন, গতবার চাঁপাইনবাবগঞ্জে এ ঘটনা ঘটেছিল; এবার বাঘা-চারঘাটে ঘটল।