পোকার আক্রমণে বিবর্ণ প্যারাবন
পোকার আক্রমণে কক্সবাজারের মহেশখালীর উপকূলে বন বিভাগের সৃজিত প্যারাবন বিবর্ণ হয়ে গেছে।
উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, মহেশখালী উপকূলের গোরকঘাটা, চরপাড়া, মহেশখালী জেটিসংলগ্ন এলাকা, সোনাদিয়া, বড়দিয়া, পোকখালী, ঘটিভাঙ্গা, কালারমারছড়ার ঝাপুয়া ও মাতারবাড়ি ইউনিয়নের প্রায় ১৭ হাজার একর সৃজিত প্যারাবন আছে। কিন্তু এবার বৃষ্টি কম হওয়ার পাশাপাশি তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা পোকার অনুকূলে ছিল। এ কারণে গত সেপ্টেম্বরের শুরুতে বাইনগাছে পোকার আক্রমণ দেখা দেয়। ধীরে ধীরে অন্তত আট হাজার একর প্যারাবন বির্বণ হয়ে গেছে। পাশাপাশি গাছগুলো শুকিয়ে যাচ্ছে।
সম্প্রতি মহেশখালীর সোনাদিয়া দ্বীপ, ঘটিভাঙ্গা, মহেশখালী জেটিসংলগ্ন এলাকা, বড়দিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বন বিভাগের সৃজিত প্যারাবনে পোকার আক্রমণ প্রকট আকার ধারণ করেছে। বাইনগাছের পাতা ঝরে গেছে। গাছগুলো শুকিয়ে যাচ্ছে। স্থানীয় অনেকে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য বাইনগাছ কেটে নিয়ে যাচ্ছে।
ঘটিভাঙা বিট কর্মকর্তা পিয়ার মুহাম্মদ জানান, প্রথমে সবুজ পাতা লাল হয়ে যাওয়ার পর গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তবে এসব বাইনগাছে আবারও পাতা গজানোর সম্ভাবনা আছে।
বন বিভাগ সূত্র জানায়, গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল উপকূলীয় বন বিভাগের চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তার কাছে বিষয়টি লিখিতভাবে জানান। বন কর্মকর্তা কারণ উদ্ঘাটন করতে বন গবেষণা ইনস্টিটিউটকে চিঠি দেন। পরে গত ২৩ নভেম্বর বন গবেষণা ইনস্টিটিউটের বনরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত প্যারাবন এলাকা পরিদর্শন করেন। তাঁরা পরীক্ষা করে দেখার জন্য আক্রান্ত বাইনগাছের পাতা, ডাল ও পোকার নমুনা সংগ্রহ করে নিয়ে যান।
উপকূলীয় বন বিভাগের গোরকঘাটার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল বলেন, কমপক্ষে আট হাজার একর সৃজিত প্যারাবনে পোকা আক্রমণ করেছে। তিনি জানান, প্রতিবছর প্যারাবনে পোকার আক্রমণ হলেও এবার তা মহামারির আকার ধারণ করেছে।
বন গবেষণা ইনস্টিটিউটের বনরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পোকার আক্রমণে বিবর্ণ হয়ে গেছে উপকূলের প্যারাবন। এ কারণে প্যারাবনের বাইনগাছের বার্ষিক বৃদ্ধি হবে না। তিনি বলেন, কাক, শালিক ও বক খেয়ে ফেলার কারণে পোকা বংশবিস্তার করতে পারেনি। এতে প্যারাবন মড়ক থেকে অনেকটা রক্ষা পেয়েছে। তিনি বলেন, প্যারাবনে মথজাতীয় পোকা আক্রমণ করছে। প্রাথমিকভাবে এটা শনাক্ত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।