পোকার আক্রমণে মরছে বেগুনগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় পোকার আক্রমণে ব্যাপকহারে বেগুনগাছ মরে যাচ্ছে।গতকাল বুধবার সরেজমিনে উজানচর ইউনিয়নের নতুনপাড়ায় দেখা গেছে, অনেক বেগুনগাছ হলুদাভ হয়ে মরে যাচ্ছে। কৃষকেরা তা বেছে বেছে তুলে ফেলছেন। একই অবস্থা দৌলতদিয়ার গেন্দু বেপারীরপাড়া, চরদৌলতদিয়াসহ উপজেলার সর্বত্র।নতুনপাড়ার কৃষক মো. সিদ্দিক সরদার (৪২) বলেন, ‘প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ করে ১১ বিঘা জমিতে বেগুনের আবাদ করেছি। এর মধ্যে প্রায় তিন বিঘা জমির বেগুনগাছ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এর পরও ৪০ হাজার টাকার মতো শুধু কীটনাশক দিয়েছি। কিন্তু কোনো ওষুধে কাজ হচ্ছে না। প্রথমে গাছের পাতাগুলো হলদে ভাব ধারণ করে। পরে গাছের গোড়া নষ্ট হয়ে পাতা ঝরে পড়ে এবং পোকার আক্রমণে বেগুন নষ্ট হয়ে গাছটি মরে যায়।’কৃষক শহিদ বিশ্বাস বলেন, ‘এক সপ্তাহে প্রায় এক হাজার ৭০০ বেগুনগাছ তুলে ফেলেছি। অথচ এ জন্য বাজারে যত প্রকার ওষুধ পাওয়া যায়, এর প্রায় সবই ব্যবহার করেছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না।’ প্রতিবেশী আবুল বিশ্বাস (৪০) বলেন, ‘বাজারের দোহান্দার ও কোম্পানির লোকজন যহন যেটা কইছে, তহন সেটাই আমরা খেতে দিছি। কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না। এদিকে এ পর্যন্ত কৃষি অফিসের কোনো লোক এসে খোঁজখবর পর্যন্ত নেয়নি। এহন কার কথা বিশ্বাস করব, কোম্পানির না দোহান্দারের। এহন ভাবছি কোনো কিছুতেই যেহেতু কাজ হচ্ছে না, তাই মাটি পরীক্ষা করব। কিন্তু এই কাজটা কে কইরা দেবে।’উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. আমিনা খাতুন বলেন, ‘বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকার আক্রমণে এবং এক ধরণের ছত্রাকের ফলে গাছ ও ফল নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে কৃষকদের আইপিএম পদ্ধতিতে সেক্সফোরোমেনথার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছি। এই পদ্ধতির মাধ্যমে প্রতি ১০ শতাংশ জমিতে দুটি করে প্লাস্টিকের বড় কৌটা ব্যবহার করা উচিত। এ ছাড়া আমাদের এলাকাভিত্তিক লোক নিয়োগ দেওয়া আছে। যাঁরা মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ দেন।’