
লন্ডন থেকে পিটার পোগোজ ঢাকায় আসছেন। পূর্বপুরুষের মায়া উপেক্ষা

করা যে বড়ই কঠিন। তাঁরই এক পূর্বপুরুষ এই শহরে প্রতিষ্ঠা করেছিলেন পোগোজ স্কুল (বর্তমানে স্কুলিট শাঁখারীপট্টি মোড়ে অবস্থিত)৷ আজ ৬ জুন অনেক আয়োজন করে পালন করা হবে এর প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে পোগোজ স্কুলের দেশি-বিদেশি বহু প্রাক্তন ছাত্র জড়ো হবেন স্কুলের প্রাঙ্গণে। এটি তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশিত প্রথম পুনর্মিলনী।
পোগোজ স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল ১৮৪৮ সালের ১২ জুন। প্রতিষ্ঠাতা ছিলেন ১৮ বছর বয়সী ঢাকার আর্মেনি জমিদারপুত্র নিকোলাস পিটার পোগোজ। পিটার সেই নিকোলাস পোগোজের সাক্ষাৎ বংশধর। পোগোজ স্কুলের ইতিহাস আমাদের কিছুটা জানা থাকলেও এর প্রতিষ্ঠাতা নিকোলাস পিটার পোগোজ বা নিকি পোগোজ সম্পর্কে আমাদের ধারণা ছিল যৎসামান্য। সে সময়ের ব্রিটিশরাজ বাদে ঢাকার অন্য ইউরোপীয়দের সম্পর্কে আমাদের আগ্রহ ও তথ্যের অভাব সম্ভবত এর প্রধান কারণ।
নিকি পোগোজ ছিলেন আর্মেনি জমিদার। ১৮৪৮ সালের ১২ জুন নিকি আরমানিটোলায় নিজ বাড়ির নিচতলায় ‘পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল অ্যাট ঢাকা’ নামে শুরু করেছিলেন একটি স্কুল। জানা যায়, ফিসের টাকা দিতে না পারায় ১৮৪৬ সালে ৯৬ জন ছাত্রকে সে সময়ে ঢাকা কলেজ ছাড়তে হয়েছিল। তাদের প্রতি সমব্যথী হয়ে ঢাকার তৎকালীন সিভিল সার্জন টি এ ওয়াইজ ১২ জুন ১৮৪৬ সালে খোলেন ‘ইউনিয়ন স্কুল’। অর্থাভাবে সে স্কুল দুই বছরের বেশি চলেনি। তাই ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র নিকি পোগোজ স্কুলটির ভার নিয়ে নিজের বাড়িতে নতুন নামে স্কুলটি শুরু করেন। সেখান থেকে প্রথমে ১৮৫৫ সালে নিকির গ্রিক জমিদার বন্ধু জে সি পানিয়াটির বাসগৃহে এবং পরে ১৮৫৬ সালে পানিয়াটির বাড়ি থেকে আর্মেনি গির্জার পাশে সুধাময় হাউসে স্কুলটি স্থানান্তরিত হয়। ১৮৭৬ সালে নিকোলাস পোগোজ মারা গেলে ঢাকার জমিদার মোহিনীমোহন দাস পোগোজ স্কুলের দুই-তৃতীয়াংশ কিনে নেন। এরপর কোনো এক সময় পোগোজ স্কুল বর্তমান জায়গায় স্থানান্তরিত হয়।
নিকি পোগোজ স্কুলটির প্রথম হেডমাস্টারও ছিলেন। তাঁর আন্তরিক সহায়তায়ই প্রতিষ্ঠানটি টিকে যায়। কলকাতার প্রভাবশালী পত্রিকা সংবাদ পূর্ণন্দ্রোদয় ১৮৫২ সালে লিখেছিল, ‘ইনি কলিকাতা নিবাসী স্বর্গবাসী ডেভিড হিয়ার সাহেবের অনুপস্থানে অত্র স্থানে তাহার স্থানীয় স্বরূপ হইয়া উক্ত মহাত্মার ত্যক্তাসনে উপবেশন করিয়াছেন। এই সাহেবকে বিদ্যোৎসাহী পর্যায় ডেভিড সাহেবাপেক্ষায়ও অগ্রগণ্য বলিতে হয়। কেননা, ইনি স্বীয় অপ্রাপ্তবয়স্ক সময় পৈতৃক বিত্ত হইতে আত্মভরণপোষণার্থে যে কিঞ্চিৎ অর্থপ্রাপ্ত হইতেন তাহা হইতে কর্ত্তন করিয়া কিছু কিছু বিতরণ দ্বারা এ পর্যন্ত এই পাঠশালায় ব্যয় নির্ব্বাহ করিয়া আসিয়াছেন...।’
স্কুলটির কৃতিত্ব ও অর্জন ছিল বিস্ময়কর। নানা সময়ে স্কুলের দর্শনার্থীদের বইয়ে লিখিত মন্তব্যে তার প্রমাণ মেলে। ২১ আগস্ট ১৮৬৭-এর একটি মন্তব্য, ‘বলা হয়ে থাকে, এটি বাংলার সর্ববৃহৎ স্কুল (নিয়মিত ৫০০ জন ছাত্রের উপস্থিতি) ঢাকা জেলার জনসাধারণ মি. পোগোজের কাছে ঋণী হয়ে থাকল।’
২১ সেপ্টেম্বর ১৮৬৭-এর আরেক মন্তব্য, ‘এ জেলার জনসাধারণের ধন্যবাদ মি. পোগোজের প্রাপ্য।... আমার দেখা ভারতে এটি সবচেয়ে বড় স্কুল।’
পোগোজ স্কুলের বিখ্যাত ছাত্রের সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। এঁদের মধ্যে আছেন পবিত্র কোরআন শরিফের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরীশচন্দ্র সেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রথম বাঙালি ডক্টরেট নিশিকান্ত চট্টোপাধ্যায়, সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষ, ঢাকা কলেজের প্রথম বাঙালি অধ্যক্ষ ডক্টর পি কে রায়, ভারতীয় মন্ত্রিসভার সদস্য স্যার কে জি গুপ্ত, কৌতুকাভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, কবি কায়কোবাদ, কবি শামসুর রাহমান, চলচ্চিত্রকার খান আতাউর রহমান, শিল্পী রফিকুন নবীসহ অনেকে।
নিকি পোগোজের পূর্বপুরুষেরা ঠিক কখন ঢাকায় বসবাস শুরু করেন, তা বলা কঠিন। আদিতম যে পূর্বপুরুষের সমাধি ঢাকায় পাওয়া যায়, সেটি নিকির দাদা নিকোলাস মার্কার পোগোজের। ৭ ডিসেম্বর ১৮২৯ ঢাকায় প্রাণত্যাগ করলে নিকোলাস মার্কার পোগোজকে আর্মেনি গির্জা প্রাঙ্গণে সমাহিত করা হয়। তিনি ও স্ত্রী ক্যাথরিনের পাঁচ সন্তানের একজন গ্রেগরি নিকোলাস পোগোজ বিখ্যাত আর্মেনি জমিদার জে জি এন পোগোজের বাবা; আরেকজন পিটার নিকোলাস পোগোজ নিকি পোগোজের বাবা। পিটার নিকোলাস পোগোজ ১৮৪১ সালে কলকাতায় মারা যান।
নিকি পোগোজ ১৮৫০ সালে ঢাকার আর্মেনি গির্জায় তাঁর চাচাতো ভাই জে জি এন পোগোজের মামাতো বোন মেরি সার্কিসকে বিয়ে করেন। তাঁর ছিল সাত সন্তান। প্রথম সন্তান পিটার নিকোলাস (জন্ম ১৮৫২) স্ত্রীসহ আমেরিকায় থিতু হন। দ্বিতীয় সন্তান জন সার্কিস নিকোলাস পোগোজ (জন্ম ১৮৫৩) লন্ডনে পাড়ি দিয়ে সেখানে স্টক ব্রোকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তৃতীয় সন্তান জোয়াকিম নিকোলাস পোগোজ (জন্ম ১৮৫৫) লন্ডনে ব্যারিস্টারি পড়ে কলকাতার হাইকোর্টে প্র্যাকটিস করেন। চতুর্থ সন্তান কার নিকোলাস পোগোজ (জন্ম ১৮৫৭) শিমুলবাড়ি চা কোম্পানির টি-প্ল্যান্টার ছিলেন। পঞ্চম সন্তান নিকোলাস মার্কার পোগোজ (জন্ম ১৮৬০) ১৮৮০ সালে লন্ডনে পাড়ি জমান। তাঁর ছিল তিন সন্তান। তাঁদের মধ্যে দুজন পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুবরণ করেন। তৃতীয় সন্তান ফিলিপ পোগোজ পিটার পোগোজের দাদা। এই পিটারই ঢাকায় আসছেন। নিকি পোগোজের ষষ্ঠ সন্তান পল নিকোলাস পোগোজ (জন্ম ১৮৬৭) ১৯৩৬ সালে কলকাতায় মারা যান। সপ্তম সন্তান কন্যা লিজি পোগোজ এক ইতালীয়কে বিয়ে করে ইতালিতেই থিতু হন।
নিকি পোগোজের জন্ম ঢাকায়, ৭ নভেম্বর ১৮৩০। ১৮৭৬ সালের ২৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে কবর দেওয়া হয় ঢাকার আর্মেনি গির্জায়।
পোগোজ স্কুলের পুনর্মিলনীতে এসে পিটার পোগোজ নিশ্চয়ই আর্মেনি গির্জার সমাধিক্ষেত্রে তাঁর পূর্বপুরুষদের সমাধিতে যাবেন। অনুভব করার চেষ্টা করবেন হারিয়ে ফেলা অতীতকে, যেখানে তাঁর পূর্বপুরুষ আর ঢাকার স্মৃতি মিলেমিশে একাকার হয়ে আছে।