পোড়া বস্তিতে খুশির ঝলক

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করে পৌঁছানো গেল পোড়া বস্তিতে। তবে বস্তিতে ঢুকে রুনা আক্তারের ঘর চিনতে কষ্ট হলো না মোটেও। কারণ, ঘরের সামনে অসংখ্য মানুষ। তাঁরা দেখতে এসেছেন রুনার নবজাতক যমজ ছেলেদের। রুনার ঘরের আনন্দ বাইরে থাকা মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। পুরো বস্তিতেই যেন খুশির আমেজ।
২০ আগস্ট যমজ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরদিন হাসপাতাল থেকে চুরি হয়ে গিয়েছিল একটি। সন্তান হারিয়ে গৃহবধূ রুনা ছিলেন বিমর্ষ, উৎকণ্ঠিত। পোড়া বস্তিবাসীও ছিলেন উৎকণ্ঠিত। তাঁরা চুরি হওয়া সেই ছেলের খবর জানতে চোখ রেখেছেন টেলিভিশনের পর্দায়, পত্রিকায়। করেছেন দোয়া। গত বৃহস্পতিবার সেই ছেলেসহ রুনা ও তাঁর স্বামী বস্তিতে ফেরার পর পুরো বস্তিই যেন ভাসছে আনন্দ। সেই আনন্দের সাক্ষী হতে দূরদূরান্ত থেকেও আসছেন মানুষ। বুধবার গভীর রাতে র্যা ব গাজীপুর থেকে ওই নবজাতককে উদ্ধার করে।
গতকাল শুক্রবার বিকেলে পোড়া বস্তিতে রুনার ঘরের সামনে গিয়ে দেখা যায় অসংখ্য মানুষের িভড়। সবাই একনজর দেখতে চান নবজাতক যমজ ইয়াছিন ও ইখলাসকে। চুরি হয়েছিল ইখলাস। হাসতে হাসতে রুনা প্রথম আলোকে বলেন, ‘কত যে মানুষ আসছে। বৃহস্পতিবার বিকেলে ছেলেকে নিয়ে বস্তিতে আসার পর থেকে মানুষ আসছে। আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমি ঈদের চাঁদ পাইছি। সাত দিন পর দুই ছেলেকে নিয়ে আমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’
রুনার পাশের ঘরের বাসিন্দা সোনিয়া আক্তার বলেন, ‘বাচ্চা পেটে থাকতে খুব কষ্ট করছে মেয়েটা (রুনা)। যমজের একটা বাচ্চা চুরি হওয়ার পর আমাদের সবার খুব মন খারাপ ছিল। সবাই ওর জন্য দোয়া করছে। এখন সবাই খুশি।’
শ্যামলীর একটি পোশাক কারখানায় চাকরি করা জয়নবও থাকেন এই বস্তিতে। তিনি বললেন, এই বস্তির ৫৬টা ঘরকেই আলো করে ফেলেছেন রুনা। বস্তির বাসিন্দা রংপুরের খোদেজা, মরিয়ম, শাহিনুরসহ আরও অনেকেই জানালেন, এই বস্তিতে আগে কোনো দিন এমন ঘটনা ঘটেনি। তাই এখানে এখন উৎসব।
বস্তির বাসিন্দা রিকশাচালক ইসমাইল হোসেনকেও দেখা গেল রুনার ঘরের সামনে। তিনি বললেন, ‘এই কয়েক দিন আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। আমি নিজেও কয়েকবার ঢাকা মেডিকেলে গেছি।’
আদালত সূত্র জানায়, শিশুটিকে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা রাশেদা খানম (৪৮) ও বেলি আক্তারকে গতকাল ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে র্যা ব। শুনানি শেষে আদালত তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বেলি জানিয়েছেন, ৪০ হাজার টাকায় তাঁর কাছে শিশুটি বিক্রি করেছিলেন রাশেদা। তিনি জানতেন না শিশুটি চুরি করা।