পোড়া বস্তিতে 'যমজ' খুশির ঝলক
মোহাম্মদপুরের বাবর রোড থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করে তবেই খোঁজ মিলল পোড়া বস্তির। তবে সেই বস্তিতে ঢুকে শত মানুষের ভিড়েও ঘরটি চিনে নিতে কষ্ট হলো না। কারণ, পুরো বস্তিই এখন উত্সবে মেতে আছে সেই ঘরকে কেন্দ্র করে। যমজ দুই ছেলেকে নিয়ে সেখানেই যে আছেন মা রুনা আক্তার।
মাত্র এক সপ্তাহ আগেও হারিয়ে যাওয়া শিশুসন্তানকে নিয়ে উত্কণ্ঠায় ছিলেন রুনা আক্তার, সেই সঙ্গে পোড়া বস্তিবাসী। তাঁরা এ কয়েক দিন সব সময় টেলিভিশনে খবর দেখেছেন, পত্রিকা পড়েছেন, দোয়া করেছেন। শেষ পর্যন্ত রুনা যখন হারানো ছেলে ফিরে পেলেন তখন পুরো বস্তিতেই নেমে এল আনন্দ। হারানো ছেলেকে ফিরে পেয়ে রুনা যেন পুরো পৃথিবী হাতে পেয়েছেন। তাঁর সেই আনন্দের সাক্ষী হতে আসছেন শত শত মানুষ।
আজ শুক্রবার বিকেলে পোড়া বস্তিতে রুনার ঘরের সামনে গিয়ে দেখা গেল, এক কক্ষের ঘরটির বাইরে অসংখ্য মানুষের ভিড়। দূরদূরান্ত থেকেও লোকজন আসছেন। তাঁরা সবাই একনজর দেখতে চান ইয়াসিন আর এখলাসকে। জানা গেল, গতকাল বৃহস্পতিবার বিকেলে থেকেই এই লাইন শুরু হয়েছে।
হাসতে হাসতে রুনা প্রথম আলোকে বলেন, ‘কত যে মানুষ আসছে। বৃহস্পতিবার বিকেলে বস্তিতে আসার পর থেকে মানুষজন শুধু আসছে। গভীর রাত পর্যন্ত লোকজন এসেছে। সকাল থেকে আবার শুরু হয়েছে মানুষের লাইন। তবে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি ঈদের চাঁদ পাইছি। সাত দিন পর দুই ছেলেকে নিয়ে আমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’
সন্তানের প্রতি মায়ের ভালোবাসা থাকবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু যমজ দুই সন্তানকে পেটে নিয়ে কতটা কষ্ট করেছেন রুনা সেটা বস্তিবাসীর মুখ থেকেই শোনা গেল। রুনার পাশের কক্ষে থাকা সোনিয়া আক্তার বলেন, ‘খুব কষ্ট করছে মেয়েটা। একটা বাচ্চা হারিয়ে যাওয়ার পর আমাদের সবার খুব মন খারাপ ছিল। সবাই ওর জন্য দোয়া করছে। এখন সবাই খুশি।’
শ্যামলীর একটি পোশাক কারখানায় চাকরি করা জয়নবও থাকেন এই বস্তিতে। তিনি বললেন, এই বস্তিতে ৫৬টা ঘর। কিন্তু সব ঘরকে আলো করে রেখেছে রুনা। বস্তির বাসিন্দা রংপুরের খোদেজা, মরিয়ম, শাহিনুরসহ আরও অনেকেই জানালেন, এই বস্তিতে আগে তো কোনোদিন এমন ঘটনা ঘটেনি। তাই এখানে এখন আসলেই উত্সব।
বস্তির বাসিন্দা রিকশাচালক ইসমাইল হোসেন। তাঁকেও দেখা গেল রুনার ঘরের সামনে। তিনি বললেন, ‘এই কয়দিন আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। আমি নিজেও কয়েকবার ঢাকা মেডিকেলে গেছি। অনেকে দোয়া করেছেন, মানত করেছেন। সবার দোয়াতেই শেষ পর্যন্ত হারানো ছেলেটি পাওয়া গেল।’
২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যমজ পুত্রসন্তানের জন্ম দেন রুনা আক্তার। কিন্তু পরদিন সেখান থেকে একটি বাচ্চা চুরি হয়ে যায়। এ ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়। বুধবার দিবাগত রাত তিনটার দিকে গাজীপুরের বোর্ডবাজার-সংলগ্ন একটি বাসা থেকে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে রাশেদা খানম (৪৮) ও বেলি আক্তারকে আটক করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আজ এই দুজনকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে র্যাব। শুনানি শেষে মহানগর হাকিম জয়নব বেগম দুজনকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বেলি আদালতকে জানিয়েছেন, ৪০ হাজার টাকায় তাঁর কাছে শিশুটি বিক্রি করেছিল রাশেদা। তিনি এই শিশুটিকে নিয়ে সন্তান না থাকার দুঃখ ভুলতে চেয়েছিলেন। কিন্তু তিনি জানতেন না শিশুটি চুরি করা।