পোড়া বাস ছাড়াতে পুড়ছে পকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগুনে পুড়ে বাসচালক স্বামী নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। পরিবারের আয়ের একমাত্র উৎস ধারদেনা করে কেনা বাসটিও পুড়িয়ে দিয়েছে হরতালকারীরা। সেই পোড়া বাস থানা থেকে ছাড়াতে আইনজীবীর ফি, পুলিশের ঘুষ মিলে খরচ হয়েছে ২৪ হাজার টাকা।
গত ১৯ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর ডাকা হরতালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাসে ভিআইপি পরিবহনের একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁদের হাতে-পায়ে ধরেছিলেন চালক-মালিক নজরুল ইসলাম। তাঁদের মনে দয়া হয়নি। নজরুলকে গাড়িতে রেখেই আগুন ধরিয়ে দিয়েছিলেন তাঁরা। চার দিন চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।
গাজীপুরের বড়বাড়ী এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন নজরুল। তাঁর মৃত্যুর পর স্ত্রী সাবিনা গাজীপুরের বাসাটি ছেড়ে দেন। পাঁচ ও দেড় বছরের দুই মেয়েকে নিয়ে নোয়াখালীতে শ্বশুরবাড়িতে চলে যান তিনি। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাবিনা বলেন, ‘একদম কসাইয়ের মতো যাইত্যা ধইরা মারছে ওরে। কুনো বিচার নাই। দুগ্ধপোষ্য শিশু নিয়া যাওয়ার কোনো জায়গা নেই। ইউনিয়নও (পরিবহন শ্রমিক ইউনিয়ন) কিছু দিল না। থানা থিকা ট্যাকা দিয়া গাড়ি বাইর করতে হইছে। কত লোকে কইল আমগো দ্যাখব, এহন কারও খবর নাই।’
নজরুলের বড় ভাই ফিরোজ আহমেদ ভুঁইয়া পোড়া বাসটি মেরামত করিয়েছেন। গাজীপুর থেকে আজিমপুরের মধ্যে চলা বাসটি রাস্তায় নামার এক দিন পর গত রোববার এয়ারপোর্ট থানা এলাকায় নষ্ট হয়ে যায়। এটি এখন এয়ারপোর্ট থানার হেফাজতে আছে।
ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, পুড়ে যাওয়ার পরে বাসটি জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের হেফাজতে ছিল। আদালতে আবেদন করে নভেম্বরের শুরুতে থানা হেফাজত থেকে বাসটি তাঁরা বের করেন। এ জন্য আইনজীবীকে দিতে হয়েছে আট হাজার টাকার মতো, দালালের মাধ্যমে পুলিশকে চা খেতে সাত হাজার, কিছু টাকা আদালতের লোকজনকেও দিতে হয়েছে। সব মিলিয়ে ২৪ হাজার টাকার মতো খরচ হয়েছে। তিনি জানান, বাসটি গাজীপুরে একটি গ্যারেজে মেরামত করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় সোয়া দুই লাখ টাকার মতো খরচ হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুক্তি মাহমুদ পোড়া গাড়ি থানা থেকে ছাড়াতে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরিবারটি তো অহসায় ছিল। তাদের কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। আদালতে বা কোনো দালালকে টাকা দিয়ে থাকলে তার দায়ভার আমাদের ওপর আসতে পারে না।’
ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, ‘আগুনের ঘটনার সময় আমি এখানে দায়িত্বে ছিলাম না। তাই বিষয়টা জানি না।’
গাজীপুরের পুলিশ জানায়, ঘটনার পর ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও অন্তত ৪০ জনকে আসামি করে মামলা করেন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। পরে নজরুল ইসলাম মারা গেলে ওই মামলার সঙ্গে যুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়।
তদন্ত কর্মকর্তা জানান, নিহত নজরুলের ময়নাতদন্তের প্রতিবেদন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এলেই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
আর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। তাঁর দাবি, ‘এ পর্যন্ত যাঁরা মারা গেছেন, তাঁদের অনেকের পাশেই আমরা দাঁড়িয়েছি। এখনো সেই প্রক্রিয়া চলছে। তাঁদের ওয়ারিশরা (বাবা-মা, স্ত্রী) প্রধানমন্ত্রীর বরাবর ছবিসহ একটা দরখাস্ত দিলে আমরা অনুদানের ব্যবস্থা করে দেব।’