পোড়া রোগীর তাৎক্ষণিক চিকিৎসা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতিবছর এক লাখ মানুষের মধ্যে দুজন আগুনে, রাসায়নিকে বা বৈদ্যুতিক তাপে পুড়ে বা বিকিরণে মারা যায়। সবচেয়ে বেশি ৮৯ শতাংশ মৃত্যুর কারণ আগুনে পোড়া।
গতকাল বুধবার রাজধানীর বেসরকারি গণস্বাস্থ্যনগর হাসপাতালে বার্ন ইউনিট চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জখম প্রতিরোধ ও গবেষণা কেন্দ্রে (সিআইপিআরবি) এই তথ্য দেওয়া হয়। অনুষ্ঠানে বলা হয়, যেকোনো পোড়া রোগীর বিশেষায়িত চিকিৎসার চেয়ে বেশি দরকার তাৎক্ষণিক চিকিৎসা।
হাসপাতালের শিশু শল্যচিকিৎসা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোছাব্বের হোসাইন মল্লিক মূল উপস্থাপনায় বলেন, যুক্তরাষ্ট্রে শরীরের ৪০-৫০ শতাংশ পোড়া রোগীর ২৫ শতাংশ মারা যায় উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকার পরও। বাংলাদেশে এই ধরনের রোগীর মৃত্যুর হার ৭০ শতাংশের বেশি। খুব কম বয়সী ও খুব বেশি বয়সী মানুষ আগুনে পুড়লে তাদের মৃত্যুঝুঁকি বেশি। অন্যদিকে, আগুনে শ্বাসতন্ত্রের ক্ষতি হলে সে ক্ষেত্রেও জীবনের ঝুঁকি অনেক বেশি।
অনুষ্ঠানে একাধিক চিকিৎসক বলেন, পোড়া রোগীর প্রথম চিকিৎসা তার শরীরে ঠান্ডা পানি ঢালা। পুড়ে যাওয়া কাপড় খুলে ফেলতে হবে। এরপর পোড়া অংশ পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। অতি দ্রুত হাসপাতালে নিতে হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, পোড়া রোগীর জন্য বিশেষায়িত চিকিৎসার চেয়ে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা জরুরি। এর জন্য সরকার চিকিৎসকদের প্রশিক্ষণের আয়োজন করতে পারে। পোড়া রোগীর চিকিৎসা ব্যয়বহুল, তবে কঠিন চিকিৎসা নয়। এই চিকিৎসা ব্যয়বহুল হয়েছে ভুল চিকিৎসার কারণে। তিনি বলেন, কম পোড়া রোগীকে বাড়িতে পরিষ্কার পরিবেশে মশারির মধ্যে রেখে চিকিৎসা করা সম্ভব। এতে সংক্রমণ কম হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে বার্ন ইউনিট সাংবাদিকদের দেখানো হয়। আয়োজকেরা বলেন, আট শয্যার এই ইউনিটে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হয়েছে। দরিদ্র রোগীদের এখানে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে।