পোড়া শিশুটি কার?
সব বিছানার পাশে অন্তত একজন করে স্বজন থাকলেও শিশুটির পাশে কেউ নেই। পোড়া চামড়া উঠে গিয়ে লালচে সাদা হয়ে রয়েছে মুখমণ্ডল-গলা। প্রতিবার শ্বাস নিতে কেঁপে কেঁপে উঠছে। চোখ দুটো আধা খোলা।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এমনই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন শিশুটির অবস্থা। ১১-১২ বছরের এই শিশুটিকে রাত ১০টার দিকে বার্ন ইউনিটে ভর্তি করে সাভারের গণস্বাস্থ্য নগর হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটির নাম জাকির বলে হাসপাতালের ভর্তি খাতায় উল্লেখ করা হয়েছে। তবে পিতার নামের জায়গা খালি। শিশুটির শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে হাসপাতালের খাতায় লেখা রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন।
শিশুটিকে বার্ন ইউনিটের চিকিৎসক সাজ্জাদ খন্দকারের অধীনে ভর্তি করা হয়েছে। চিকিৎসক সাজ্জাদ প্রথম আলোকে বলেন, পোড়ার ধরন দেখে মনে হয়েছে কয়েক দিন আগে পুড়েছে। গণস্বাস্থ্য হাসপাতালের যাঁরা নিয়ে এসেছেন তাঁরা বলেছেন, শিশুটি একটি বাসের ভেতরে ছিল। চিকিৎসকদের সঙ্গেও কিছুটা ইশারায় শিশুটি জানিয়েছে, সে একটি বাসের ভেতরে অগ্নিদগ্ধ হয়েছে।
সাভারের গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক আশরাফউদ্দীন মল্লিক প্রথম আলোকে বলেন, কয়েকজন লোক ১৩ জানুয়ারি রাতে শিশুটিকে গণস্বাস্থ্য হাসপাতালে রেখে যান। তবে তাঁরা কেউ শিশুটির স্বজন নন। তাঁদেরই একজন বলেছেন, শিশুটি একটি বাসে ছিল। শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন।
গণস্বাস্থ্য হাসপাতাল সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডের কাছে রাস্তার ওপর শিশুটিকে দগ্ধ অবস্থায় দেখে কয়েকজন যুবক উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে আসেন। সে নিজের নাম জাকির বলতে পেরেছে। তবে বাবা-মায়ের নাম বা ঠিকানা কিছুই বলতে পারে না। ওই যুবকেরা জানিয়েছেন, শিশুটিকে একটি বাস থেকে উদ্ধার করে কেউ রাস্তায় ফেলে গিয়েছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ১৩ জানুয়ারি নবীনগর এলাকায় বা আশপাশে কোনো বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। অন্য কোথাও থেকে শিশুটিকে পোড়া অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে আনা হয়েছে।
গতকাল রাতে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, শিশুটির মাথার কাছে কে যেন এক ব্যাগ ফল রেখেছেন। পাশের বিছানার রোগীর স্বজন জানালেন, শিশুটির কেউ নেই দেখে ওই ওয়ার্ডে ভর্তি আরেক রোগীর স্বজন শিশুটিকে খেতে দিয়ে গেছেন। কিন্তু শিশুটি কিছুই খেতে পারে না। তার শুধু স্যালাইন চলছে।