পোড়ানো হলো 'সাঈদী মঞ্চ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর ঘোনটোলা গ্রামের পেছনে আমবাগানের মধ্যে জামায়াত-শিবিরের উদ্যোগে নির্মিত কথিত ‘সাঈদী মঞ্চ’ গতকাল বৃহস্পতিবার বিকেলে পুড়িয়ে দিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, কথিত সাঈদী মঞ্চ সম্পর্কে গতকাল প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন এবং স্থানীয় মানুষজনের কাছ থেকে জানতে পেরে সহকারী পুলিশ সুপার মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিকেল পৌনে চারটার দিকে মঞ্চটি আগুন দিয়ে ধ্বংস করেন।
ওসি আরও জানান, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পিকেটিং ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার আগে এখানে জড়ো হতো এবং মাঝেমধ্যে বৈঠক করত বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ব্যক্তিরা জানান, আমবাগানের মালিকের নিষেধ সত্ত্বেও জামায়াত-শিবিরের লোকজন এখানে সাঈদী মঞ্চ তৈরি করে তাদের কার্যক্রম পরিচালনা করত। বাগানমালিক ভয়ে তাদের কিছু বলতে পারেননি। পুলিশ সাঈদী মঞ্চ পুড়িয়ে দেওয়ায় গ্রামের অনেকে সন্তোষ প্রকাশ করেন।
গত রোববার রসুলপুর জুমা মসজিদে বৈঠক করে গ্রামবাসী সিদ্ধান্ত নেয়, জামায়াত-শিবিরের লোকজনকে আর এখানে আশ্রয় দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না।