পোনা অবমুক্ত, সুফল নিয়ে সংশয়
মৌলভীবাজারে গতকাল শনিবার মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। তবে শরৎকালে ভাটার সময় এই পোনা অবমুক্তি কতটা সুফল নিয়ে আসবে তা নিয়ে সংশয় রয়েছে।মৎস্য অধিদপ্তর মৌলভীবাজার সদর কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য অধিদপ্তর গতকাল (১ সেপ্টেম্বর) কাওয়াদীঘি হাওরের ফাটা সিংরা বিল, পূর্ব শেওয়াইজুরী হাওর, বড় হাওর গ্রুপ ফিশারিজ জলমহাল, হাইল হাওর এবং সদর উপজেলার আখাইলকুরা, নাজিরাবাদ ও কাগাবলা ইউনিয়নের হাওরসংলগ্ন বর্ষাপ্লাবিত ধানখেত ও প্লাবনভূমিতে চার থেকে পাঁচ ইঞ্চি আকারের ৭৮৩ কেজি পোনা মাছ অবুমক্ত করেছে। এর মধ্যে রুই, কাতলা ও মৃগেল জাতের পোনা রয়েছে। পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী, পুলিশ সুপার হারুন অর রশীদ, জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক নৃপেন চন্দ্র দাশ, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আহসান হাসিব খান প্রমুখ। এদিকে জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক বৈশিষ্ট্য বদলে যাওয়া সত্ত্বেও পুরোনো ধারায় বর্ষা শেষে মাছের পোনা অবমুক্ত করে সুফল আসবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। মৎস্য বিভাগ, মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আগে স্বাভাবিক বৃষ্টিপাত ও বন্যার কারণে অক্টোবর মাস পর্যন্ত হাওর-বাঁওড়, খাল-বিল, নদী-নালায় গভীর পানি থাকত। এতে করে বর্ষার শেষদিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসেও পোনা ছাড়া হলে সেই মাছ বেড়ে উঠতে দুই-তিন মাস সময় পেত। কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে এখন স্বাভাবিক বৃষ্টিপাত নেই। কখনো একসঙ্গে বেশি বৃষ্টি হচ্ছে, কখনো হচ্ছেই না। এ ছাড়া খালবিল ভরাট হয়ে গেছে। তাই এই সময় জলাশয়ে পানি কম থাকে। পানি আরও কমতে শুরু করলে এই পোনা মাছ বড় হওয়ার আগেই জেলেদের জালে ধরা পড়বে। মৎস্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, প্রকৃতির পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পোনা মাছ ছাড়ার সঠিক সময় এখন মে-জুলাই। এ সময় পোনা ছাড়লে বেড়ে ওঠার জন্য চার-পাঁচ মাস সময় পাবে। এতে মাছের উৎপাদনে সুফল পাওয়া যাবে। সূত্র জানায়, মূলত অর্থবছরের সঙ্গে সামঞ্জস্য রেখে টাকা বরাদ্দ হয়ে থাকে। তাই বরাদ্দ পেতে আগস্ট মাস চলে আসে। পোনা ছাড়ার সময়ও তাই পিছিয়ে যায়। বরাদ্দটা এপ্রিল-মে মাসে পেলে প্রাকৃতিক বিবেচনায় উপযুক্ত সময় পোনা ছাড়া সম্ভব হবে। সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আহসান হাসিব খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা বরাদ্দ পাওয়া সাপেক্ষে পোনা ছেড়ে থাকি।’