বৈশাখ থেকে শ্রাবণ মাস মাছের প্রজনন মৌসুম। অথচ এই সময়টাতে হাওরাঞ্চলে নিষিদ্ধ জাল দিয়ে অবাধে পোনা নিধন করা হয়। এ কারণে হাওরের বিভিন্ন জাতের মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই পোনা ধরা, কেনা ও খাওয়া বন্ধে সবার সচেতন হওয়া দরকার।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল রোববার হাওরাঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ‘খাদ্য নিরাপত্তার জন্য মৎস্য ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
মৌলভীবাজার জেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজন করে। এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী সমিতির লোকজন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বেলা দুইটার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনার শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিবুন খানম, বড়লেখার ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, কুলাউড়ার ইউএনও মো. শামছুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবিব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নৃপেন্দ্র চন্দ্র দাস।
সেমিনারে বক্তারা বলেন, হাকালুকি হাওরের সঙ্গে যুক্ত জুড়ী ও কণ্ঠিনালা নদী এবং হাওরের অধিকাংশ বিল পলিতে ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমে বিলগুলো শুকিয়ে পানিশূন্য হয়ে পড়ে। তাই নদী ও বিলগুলো পুনরায় খনন করা দরকার। তাঁরা আরও বলেন, হাওরের ১৮টি বিলকে সরকার অভয়াশ্রম ঘোষণা করেছে। কিন্তু ওই অভয়াশ্রমগুলো একের পর এক জনপ্রতিনিধিদের সুপারিশে ভূমি মন্ত্রণালয় ইজারা দিচ্ছে। এটা খুবই দুঃখজনক। ইজারা বাতিল করে বিল অভয়াশ্রমগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। এ ছাড়া হাকালুকির মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় জলমহাল ব্যবস্থাপনা নীতিমালার পরিবর্তে জলমহাল ব্যবস্থাপনা আইন করা দরকার।