পোনা নিধনে মৎস্য কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রজনন মৌসুমে হাওর, নদী-নালা, খালবিলে অবাধে নিষিদ্ধ জাল দিয়ে মাছের পোনা নিধন চলছে। স্থানীয়দের অভিযোগ, হাওরপারের মৎস্যজীবীরা স্থানীয় মৎস্য কর্মকর্তাকে মাসহারা দিয়ে অবাধে পোনা মাছ ধরে বিক্রি করছেন। স্থানীয় মৎস্য কার্যালয় থেকে জানা যায়, মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হাওর, নদী-নালা, খালবিলে নয় ইঞ্চির নিচে রুই, কাতলা, কালবাউশ, মৃগেল, কালিয়াসহ রুই জাতীয় মাছের পোনাসহ মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। কিন্তু জেলেদের বিকল্প জীবিকা নির্বাহের ব্যবস্থা না থাকায় উপজেলার মৎস্যজীবীরা হাওরগুলো থেকে অবাধে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ ধরে বিক্রি করছেন। সরেজমিন হাকালুকি, দুবড়িয়া ও দামড়িয়া হাওরে গিয়ে দেখা যায়, হাওরপারে বিভিন্ন বয়সের মৎস্য শিকারিরা কোনা জাল, কাপড়ি ও বেল জাল দিয়ে মাছ ধরছেন। তবে হাওরের অধিকাংশ মাছ শিকারিকে ছোট ছিদ্রের কোনা জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়। মশারির ছিদ্রের চেয়েও ছোট ছিদ্রের কোনা জালে রেণু পোনাও উঠে আসে। এতে ধ্বংস হয়ে যাচ্ছে মাছের পোনা।হাকালুকি হাওরপারের বাসিন্দা সালাম মিয়া জানান, প্রকাশ্যে হাওরে নির্বিচারে পোনা মাছ নিধন হচ্ছে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন কিছু করার থাকে না। যিনি ব্যবস্থা নেবেন তিনি যদি টাকার বিনিময়ে মাছ ধরার সুযোগ করে দেন, তাহলে ব্যবস্থা নেবেটা কে? নাম প্রকাশে অনিচ্ছুক হাওরপারের এক মৎস্য শিকারি বলেন, ‘পেটর কারণে মাছ মাররাম। মো. সফিকুল ইসলাম ভূঁইয়া স্যাররে (উপজেলা মৎস্য কর্মকর্তা-ভারপ্রাপ্ত) সাপ্তাত (সপ্তাহে) এক হাজার টেকা (টাকা) দেওয়া লাগে। না দিলে জাল নিয়া জ্বালাইলাইন। আওরো (হাওরে) আমরা টেকা দিয়া জাল বাই।’যুধিষ্টিপুর-বাদেদেউলি ইসিএ ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শফিকুর রহমান বলেন, ‘প্রতিদিন গড়ে অর্ধশতাধিক মৎস্য শিকারি নিষিদ্ধ জাল দিয়ে ছোট-বড় মাছ ধরে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। মৎস্য কর্মকর্তাকে কতবার বলেছি। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সফিকুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘জেলেদের কাছ থেকে টাকা নিয়ে হাওরে মাছ ধরার সুযোগ দিচ্ছি—এ অভিযোগ সঠিক নয়। আমাদের লোকবল সংকটের কারণে সব সময় অভিযান চালানো সম্ভব হয় না। তবে বিভিন্ন হাওরে একাধিকবার অভিযান চালিয়ে অনেক জাল পুড়িয়েছি।’