পোনা শিকারের দায়ে ৫২ জেলের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে আহরণনিষিদ্ধ পারশে মাছের পোনা ধরার দায়ে এক জেলেকে তিন মাসের কারাদণ্ড ও ৫১ জেলের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. আবদুল হালিম গত সোমবার রাতে ওই আদালত পরিচালনা করেন।
কারাদণ্ডাদেশ পাওয়া জেলের নাম লিটন জোয়ার্দার (২৭)। তাঁর বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামে। জরিমানা দিয়েছেন যাঁরা, তাঁদের বাড়িও ওই উপজেলার বিভিন্ন গ্রামে।
সোমবার সন্ধ্যায় পানগুছি নদীতে পোনা সংগ্রহের সময় এক হাজার কেজি পারশের পোনা, পাঁচটি ট্রলার, সাড়ে চার হাজার মিটার কারেন্ট জালসহ ৫৩ জেলেকে আটক করে কোস্টগার্ড। পরে পোনা, ট্রলার, জালসহ তাঁদের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
ইউএনও আবদুল হালিম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, পোনা সংগ্রহের দায়ে কোস্টগার্ডের হাতে আটক মোট ৫৩ জেলের ৫১ জনকে অর্থদণ্ড ও একজনকে তিন মাসের সাজা দেওয়া হয়েছে। একজন শিশু হওয়ায় তাকে কোনো সাজা দেওয়া হয়নি।