পোপের অনুষ্ঠানে যেতে বিশেষ 'কার্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষে রাজধানীর সিবিসিবি সেন্টারে শোভা পাচ্ছে ব্যানার। ছবি: প্রথম আলো
পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষে রাজধানীর সিবিসিবি সেন্টারে শোভা পাচ্ছে ব্যানার। ছবি: প্রথম আলো

রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানির গির্জার ফটকটি ঝকঝক করছে। স্পষ্ট বোঝা যায়, নতুনই করা হয়েছে এ রং। গির্জা প্রাঙ্গণে ঢুকতে বাঁ দিকে ১৬৭৭ সালে নির্মিত প্রাচীন গির্জা ঘর। সামনে কবরস্থান। সেই কবরস্থানেও নতুন টাইলস বসানো হচ্ছে। বিশাল প্রাঙ্গণজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ৩০ নভেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। এ সময় তিনি শান্তির জপমালা রানির গির্জাতেও আসবেন। এ জন্য এই প্রস্তুতি।

পোপের আগমনে তৈরি হয়েছে এমন টি-শার্ট। ছবি: প্রথম আলো
পোপের আগমনে তৈরি হয়েছে এমন টি-শার্ট। ছবি: প্রথম আলো

রাজধানীর একাধিক গির্জা ও ক্যাথলিক প্রতিষ্ঠানে ঘুরে এমন প্রস্তুতি চোখে পড়েছে। পোপের এই আগমনে শুধু খ্রিষ্টান সম্প্রদায়ই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারি নানা মহলে নানা প্রস্তুতি শুরু হয়েছে।

দেশের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও প্রথম আলোকে বলেন, ‘বাহ্যিক ও আধ্যাত্মিক দুই ধরনেরই প্রস্তুতি চলছে খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে। আর রাষ্ট্রীয় পর্যায়ের বাংলাদেশ সরকার এবং ভ্যাটিকান সরকার এ প্রস্তুতি নিচ্ছে।’

পোপ ফ্রান্সিসের তিন দিনের সফরের অনুষ্ঠানসূচি।
পোপ ফ্রান্সিসের তিন দিনের সফরের অনুষ্ঠানসূচি।

বাংলাদেশে তৃতীয়বারের মতো কোনো পোপ আসছেন। এ তথ্য জানালেন পবিত্র জপমালা রানির গির্জার ফাদার কমল কোরাইয়া। তিনি জানান, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপুল প্রাণহানি ঘটে। সেই সময় পোপ ষষ্ঠ পল তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশে আসেন। তিনি তখন ফিলিপাইনে যাচ্ছিলেন। ঘূর্ণিঝড়ের কথা জানতে পেরে তাঁর ফিলিপাইন সফরের মাঝেই স্বল্প সময়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ফাদার কমল জানান, এরপর ১৯৮৬ সালে পোপ দ্বিতীয় জন পল বাংলাদেশে আসেন।

ফাদার কমল জানান, পোপের সঙ্গেই ৭০ জন সাংবাদিক আসছেন। আর বিভিন্ন দেশের ২০০ সাংবাদিক এর পাশাপাশি আসার জন্য আবেদন করেছেন।

পোপের তিন দিনের কর্মসূচি ইতিমধ্যে তৈরি হয়েছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন পোপ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে ধর্মীয় উপাসনায় যোগ দেবেন। জনসমক্ষে এটিই বড় অনুষ্ঠান পোপের।

এসব অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রীয় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের মতো করে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি শাখা এ জন্য সজাগ। খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ চলছে।’

পোপের এবারের এই সফরে দেড় লাখ বিশেষ ধরনের নিরাপত্তা কার্ড তৈরি করা হচ্ছে। এই কার্ড তৈরি করছে যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান টাইগার আইটি। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট (তথ্যপ্রযুক্তি) আল মামুন চৌধুরী বলেন, মোট নয় রঙের কার্ড তৈরি করা হয়েছে। পোপের যেকোনো অনুষ্ঠানে এর ব্যবহার হবে। অনুষ্ঠানের জায়গায় ঢোকার সময় এটি নিতেই হবে। তিনি বলেন, ‘এর বিশেষত্ব হলো এই কার্ড যিনি বহন করবেন, তাঁর গতিবিধি বোঝা যাবে। একবার এ কার্ড নিয়ে ঢুকে বের হয়ে গেলে এর কোনো কার্যকারিতা থাকবে না।’মামুন চৌধুরী জানান, এ কার্ড তৈরি করতে কোনো অর্থ নিচ্ছে না টাইগার আইটি। 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ প্রার্থনা সভায় অন্তত ৮০ হাজার মানুষ অংশ নেবে বলে মনে করছেন আয়োজকেরা। সেখানে এবং আরও কয়েকটি জায়গায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার শিল্পীরা এসব অনুষ্ঠানে অংশ নেবেন।

পোপের আগমন উপলক্ষে প্রস্তুতি নিতে ২০টির মতো কমিটি করা হয়েছে। মূল নির্বাহী কমিটির চেয়ারম্যান আর্চবিশপ। রাজধানীর আসাদগেটের সিবিসিবি সেন্টারে এ উপলক্ষে একটি সেক্রেটারিয়েট করা হয়েছে। সেখান থেকে প্রস্তুতির নানা দিক তদারক করা হচ্ছে। সেখানে গিয়ে চোখে পড়ল পোপের ছবিসংবলিত সুদৃশ্য একটি ব্যানার। তৈরি হয়েছে সাদা রঙের টি-শার্ট। এই শার্টের ওপর পোপ ফ্রান্সিসের ছবি।

পোপের আগমন নিয়ে একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। যে কেউ এ সফর নিয়ে হালনাগাদ তথ্যের জন্য ভিজিট করতে পারেন: popebd.info-তে। এ ছাড়া ইতিমধ্যেই একাধিক প্রকাশনা বের হয়েছে। ‘শান্তির দূত পোপ ফ্রান্সিস’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে। বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান নিয়ে আরও একটি প্রামাণ্যচিত্র তৈরি হচ্ছে। গানের একটি সিডিও বের করা হয়েছে এ উপলক্ষে।