পোরশা সীমান্তে বিএসএফের গুলি বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলার সীমান্তে গতকাল রোববার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন। বাংলাদেশির মরদেহ বিএসএফের সদস্যরা নিয়ে গেছেন। তবে আজ সোমবার পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত দিতে রাজি হয়েছে। নওগাঁর ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নীতপুর কোম্পানির অধিনায়ক আজমুল আলম জানান, সীমান্তের ২২৮ নম্বর প্রধান পিলারের কাছে নো-ম্যানস-ল্যান্ড দিয়ে ছানা উল্লাহ মিয়া (৪৫) ও নাজমুল আলম (৩২) ভোর চারটার দিকে গোপনে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফের আগ্রাবাদ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ছানা উল্লাহ ঘটনাস্থলে নিহত হন। আহত হন নাজমুল। ঘটনার পরপরই বিএসএফের সদস্যরা নো-ম্যানস-ল্যান্ড এলাকা থেকে ছানা উল্লাহর মরদেহ নিয়ে যান। আহত অবস্থায় পালিয়ে আত্মরক্ষা করেন নাজমুল। সকাল ছয়টার দিকে স্থানীয় লোকজন নাজমুলকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজমুল আলম জানান, ছানা উল্লাহর মরদেহ ফেরত চেয়ে বিএসএফের আগ্রাবাদ ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ মরদেহ ফেরত দিতে সম্মত হয়েছে।