পোরশায় খুরারোগে ২৫টি গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলার কয়েকটি গ্রামে ব্যাপক হারে গরুর খুরারোগ দেখা দিয়েছে। গত তিন সপ্তাহের ব্যবধানে এসব গ্রামে খুরারোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ২৫টি গরু মারা গেছে বলে জানা গেছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বারিন্দা গ্রামে ১০টি, কাতিপুরে ছয়টি, জালুয়ায় চারটি এবং রনাইল গ্রামে পাঁচটি গরু মারা গেছে। কাতিপুর গ্রামের কৃষক আইয়ুব আলী ও মোতাহার হোসেন জানান, এপ্রিল মাসের শেষ সপ্তাহে খুরারোগে আক্রান্ত হয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে ছয়টি গরু মারা গেছে। এ ছাড়া বারিন্দা গ্রামের কৃষক মতিউর রহমান, সানাউল্লাহ, আকবর আলী, মুনসুর আলী, জিল্লুর রহমান, ইসমাইল হোসেন, সাইদুর রহমান ও আজিজুল হক শাহর মোট ১০টি গরু মারা যায়। কৃষক মতিউর রহমান জানান, মারা যাওয়ার আগে গরুর গায়ে খিঁচুনি দিয়ে জ্বর আসে এবং পেট ও গলা ফুলে যায়। একপর্যায়ে রোগে আক্রান্ত গরুগুলো খাওয়া-দাওয়া ছেড়ে দেয় এবং জ্বরে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মারা যায়। বুঝে ওঠার আগেই গরু মারা যাওয়ায় ঠিকমতো চিকিৎসাও করাতে পারেননি। জালুয়া গ্রামের কৃষক আবুল হোসেন জানান, প্রত্যন্ত পল্লি এলাকার বিভিন্ন গ্রামে আকস্মিক এ রোগ ছড়িয়ে পড়ায় কোনো কোনো এলাকার কৃষকেরা উপায় না পেয়ে গ্রামের ভেতরেই গরু-ছাগল জবাই করে মাংস বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মমতাজ উদ্দিন দাবি করেন, উপজেলা এলাকার কোথাও গবাদিপশু খুরারোগে আক্রান্ত হয়েছে এমন তথ্য নিয়ে তাঁর দপ্তরে কেউ আসেনি। ঘটনা সঠিক হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।