পোরশায় ডায়রিয়ায় সাত দিনে শতাধিক আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশায় গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। এ সময় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসকেরা একে এখনো প্রকোপ বলতে নারাজ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার নিম্নাঞ্চলগুলো থেকে বর্ষার পানি নেমে যাওয়ার পর জলজ প্রাণী মরে যাওয়ায় পরিবেশ দূষিত হয়ে, দূষিত পানি পান ও বাসিপচা খাবার খেয়ে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১০৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে উপজেলার তেঁতুলিয়া ও মশিদপুর ইউনিয়নের লোকজন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত হাসপাতালে ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তির খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, গত কয়েক দিনে শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। নারী ও শিশু রোগীর সংখ্যা বেশি। তবে কোনো রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেনি। স্বাভাবিকের চেয়ে একটু বেশি রোগী চিকিৎসা নিলেও এটাকে এখনো প্রকোপ বলা যাবে না। তিনি আরও বলেন, এই সময়ে ডায়রিয়ার প্রধান কারণ হচ্ছে বর্ষার পরে হঠাৎ পানি কমে যাওয়া ও ব্যাপক ভ্যাপসা গরম। এ ছাড়া এই অঞ্চলে বর্ষার সময় তালের পিঠা ও রুটি খাওয়ার প্রচলন রয়েছে। তালের রুটি-পিঠা খেলে পেটের সমস্যাটা বেশি হয়।
মশিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা মোকছেদ আলী বলেন, গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৩০ জন রোগীকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। আরও অর্ধশতাধিক রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘হঠাৎ করে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়লেও এটা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। উপজেলার ছয়টি ইউনিয়নে পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোকে স্বাস্থ্য ক্যাম্প হিসেবে ব্যবহার করছি।’
সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। ওষুধ ও খাওয়ার স্যালাইন সরবরাহে কোনো সংকট নেই বলে তিনি জানান।