পোরশায় পূজামণ্ডপ পুড়িয়ে দেওয়ার অভিযোগ
নওগাঁ জেলার পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নে দেবোত্তর সম্পত্তিতে অবস্থিত পূজামণ্ডপ দুর্বৃত্তরা গত বুধবার রাতে পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে মুর্শিদপুর গ্রামের বৈদ্যনাথ মুুর্মু বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের ইউনুস আলী, রফিকুল ইসলামসহ আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন।গ্রামের আদিবাসী নেতা কানু মুর্মু জানান, এলাকার জমিদার নারায়ণ চন্দ্র রায় মুর্শিদপুর মৌজার ১২০ বিঘা জমি দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করেন। এ সম্পত্তির সেবায়েত নিযুক্ত হন আশুতোষ খাঁ ওরফে হিরেন্দ্রনাথ খাঁ। স্থানীয় কতিপয় জালিয়াত হিরেন্দ্রনাথের কাছ থেকে জমি কিনে নিয়েছেন মর্মে জাল দলিল তৈরি করে ভোগদখল করে আসছিল। গত বছর আমন মৌসুম থেকে স্থানীয় হিন্দু ও আদিবাসী জনসাধারণ ১২ বিঘা জমি দখলে নিয়ে জমির কিছু অংশে পূজামণ্ডপ স্থাপন করে পূজা ও ধর্মীয় অনুষ্ঠান করে আসছে। ওই সম্পত্তির দাবিদার পুঙ্গিমুর্শিদপুর গ্রামের উমর আলী বলেন, ‘তিনি এবং এই গ্রামের আকবর আলী, মোকসেদ আলী, সাঈদ আলীসহ কয়েকজন এ জমি কিনেছেন লিয়াকত আলী নামের এক ব্যক্তির কাছ থেকে। লিয়াকত আলী কিনেছেন হিরেন্দ্রনাথের কাছ থেকে। তাদের উচ্ছেদ করার জন্য আমরা পূজামণ্ডপে আগুন লাগাইনি বা খেতে বিষও প্রয়োগ করিনি।’