পোরশায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি
নওগাঁর পোরশা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নওগাঁ-১ আসনের আওয়ামী লীগের সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা শাখা ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এখনো তিন দিন বাকি থাকতেই মাঠ, মঞ্চ তৈরিসহ বিভিন্ন রাস্তায় তোরণ নির্মাণের মতো প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা।
৫ নভেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পোরশায় আসছেন। তিনি জেলার ধামইরহাট আমাইতাড়া আগ্রাদ্বিগুণ রাস্তায় আত্রাই নদীর ওপর সেতু, নওগাঁ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ৫০ শয্যাবিশিষ্ট পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুশিদপুর ইউনিয়ন পরিষদ ভবন, পোরশা হাতিকুচা বিলের পুনঃখননসহ বিভিন্ন সড়ক সংস্কারের মতো বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। এরপর তিনি আওয়ামী লীগের উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পোরশা ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। তাঁর এ জনসভাকে সফল করতে এরই মধ্যে দলের নেতা-কর্মীরা এলাকায় প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।