পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু
নওগাঁর পোরশায় ধানের জমির ওপর দিয়ে যাওয়া একটি করাতকলের (স মিল) বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী ও তাঁদের এক শিশুসন্তান প্রাণ হারিয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার গাঙ্গুর ইউনিয়নের সারাইগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সারাইগাছী গ্রামের আনোয়ারুল ইসলাম (৫০), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৪০) ও ছেলে জাহিদ হোসেন (১০)।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সারাইগাছী গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা আনোয়ারুল ইসলাম গত বুধবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে ধানের জমিতে কাজ করতে যান। এ সময় তাঁদের জমির ওপর দিয়ে যাওয়া স মিলের বিদ্যুতিক জিআর (লুজ) তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। দুপুর পর্যন্ত আনোয়ারুল বাড়ি না ফেরায় তাঁর শিশুসন্তান জাহিদ বাবাকে ডাকতে গিয়ে সেও তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বাবা-ছেলে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় জাহানারা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জমির মধ্যে তাদের শুয়ে থাকতে দেখে টেনে তুলতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন তাঁদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই ধানের জমিতে বাবা-মা ও ছেলের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার পুলিশ পরিদর্শক মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।