পোলট্রি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলট্রি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আজ শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা গ্রুপের টয়ো ফিড লিমিটেডের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ সেলিম বলেন, বর্তমান সরকার দেশের মানুষের আমিষ ও পুষ্টি চাহিদা পূরণে আন্তরিক। কারণ, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই উন্নত জাতি গঠনের পূর্বশর্ত। এ জন্য বর্তমান সরকার পোলট্রি সেক্টরে বিনিয়োগকে উৎসাহিত করছে। এ সুবিধা নিয়ে দেশের অনেক শিক্ষিত বেকার যুবক এ খাতে বিনিয়োগ করছেন। এটা তাঁদের বেকারত্ব দূর করার পাশাপাশি এ খাতে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করছে।

টয়ো ফিডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, পরিচালক শেখ ফজলে ফাহিম, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, বেপজার সাবেক সদস্য এ কে এম মাহবুবুর রহমান প্রমুখ।