পোলট্রি খামার মালিকদের সড়ক অবরোধ
ভারত থেকে ডিম আমদানি বন্ধ এবং পোলট্রি খাদ্য তৈরির উপাদানের দাম কমানোর দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকার ধামরাইয়ের পোলট্রি খামার মালিকেরা। এ সময় মহাসড়কের ওপর ২০ হাজার ডিম ধ্বংস করে প্রতিবাদ জানান তাঁরা।
জানা গেছে, ধামরাইয়ের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক পোলট্রি খামারের মালিক গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই পৌর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ১১টার দিকে তাঁরা মিছিল নিয়ে ঢুলিভিটা এলাকায় গিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দেয়। পরে তাঁরা মহাসড়কের পাশে সমাবেশ করেন। সমাবেশ শেষে মহাসড়কে ২০ হাজার ডিম ধ্বংস করে প্রতিবাদ জানানো হয়।
ধামরাইয়ের তুরাগ পোলট্রি সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, বর্তমানে ১০০ ডিম উৎপাদন করতে তাঁদের খরচ হচ্ছে কমপক্ষে ৭০০ টাকা। বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। এতে খামার মালিকদের লোকসান দিতে হচ্ছে।