পোলট্রি খামারে আগুন লেগে দুই হাজার মুরগি পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় একটি পোলট্রি খামারে আগুন লেগে প্রায় দুই হাজার মুরগি পুড়ে গেছে। গত মঙ্গলবার খানখানাপুর ইউনিয়নের ইজারাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খামার মালিক ওই গ্রামের মো. মান্নান শেখ। তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর পোলট্রি খামারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা গোটা খামারে ছড়িয়ে পড়ে। আগুন দেখে তাঁর স্ত্রী জাহানারা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয় লোকজনের চেষ্টার পাশাপাশি খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খামারে প্রায় দুই হাজার ব্রয়লার মুরগি ছিল। প্রতিটির ওজন দুই থেকে আড়াই কেজি করে হয়েছিল। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তাঁরা খামার করেছিলেন। হঠাৎ আগুনে তা পুড়ে অন্তত আট লাখ টাকা ক্ষতি হয়েছে।
জেলা ফায়ার সার্ভিসের লিডার আবদুল হালিম বলেন, পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে সোমবার রাতে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খাটিয়াগাড়া গ্রামে আগুন লেগে স্বপন মণ্ডলের বাড়ির চারটি ঘর পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে স্বপন মণ্ডলের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে স্বপন মণ্ডলের একটি, তাঁর ছেলে কুদ্দুস মণ্ডলের একটি ও প্রতিবেশী রইচ মণ্ডলের আরও দুটি টিনের ঘর পুড়ে যায়। গোয়ালঘরে থাকা একটি ছাগলসহ বিভিন্ন আসবাব পুড়ে যায়। স্থানীয় লোকজনের পাশাপাশি সংবাদ পেয়ে রাজবাড়ী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।