
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কয়েকটি গ্রামে পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। তীব্র দুর্গন্ধে ওই গ্রামগুলোর বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী বলেন, ২০১১ সালে সাগরদিঘী শোলাকুড়া এলাকায় সিপি বাংলাদেশ লিমিটেড নামের একটি কোম্পানি প্রথম একটি পোলট্রি খামার স্থাপন করে। আর এখন সাগরদিঘী ইউনিয়নেই সিপির নয়টি বড় খামার রয়েছে। এ ছাড়া নারিষ লিমিটেডের দুটি এবং প্যারাগন লিমিটেডের একটি খামার রয়েছে এই ইউনিয়নে। এসব খামারে তিন থেকে ছয় লাখ পর্যন্ত মুরগি রয়েছে। এ ছাড়া এই অঞ্চলে কয়েক শ ছোট খামার গড়ে উঠেছে স্থানীয়দের উদ্যোগে।
সূত্র আরও জানায়, বড় খামারগুলোর মুরগির বিষ্ঠা মাছের খাবার হিসেবে বিক্রি হয়। আবার অনেক সময় কারখানার ভেতরেই রয়ে যায় এসব বিষ্ঠা। দুর্গন্ধে আশপাশের মানুষের দুর্ভোগের সীমা থাকে না। কারখানার আশপাশের রাস্তায় চলতে হয় দুর্গন্ধের মধ্য দিয়ে। মুরগির বিষ্ঠা ট্রাকে করে নেওয়ার সময় গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশে। রাস্তা খারাপ হওয়ায় ঝাঁকুনিতে ট্রাক থেকে বিষ্ঠা পড়ে যায়। ফলে ওই সব সড়কেও দুর্গন্ধের মধ্য দিয়ে চলতে হয় সাধারণ মানুষকে।
সরেজমিনে ২০ জুলাই সাগরদিঘী এলাকায় দেখা যায়, শোলাকুড়া গ্রামে সিপি বাংলাদেশ লিমিটেডের নয় নম্বর খামার। খামারের নিরাপত্তা বিভাগের প্রধান সিদ্দিকুর রহমান বলেন, ওই খামারে চার লাখ মুরগি আছে। এসব মুরগির বিষ্ঠা বিক্রি করা হয় মৎস্য খামারিদের কাছে। খামারটির ভেতরে ঢুকে দেখা যায়, পেছনে বিষ্ঠা ফেলার একটি ভাগাড়। এর দেয়াল ঘেঁষেই জনবসতি। গ্রামের বাসিন্দা দুলাল হোসেন বলেন, বিষ্ঠার দুর্গন্ধে থাকা যায় না। রোদ উঠলে বাতাসে গন্ধ আরও বেশি ছড়িয়ে পড়ে। একই গ্রামের সাহাতন বেগম বলেন, গন্ধে বমি আসে। তৃপ্তি নিয়ে খাওয়াদাওয়া করা যায় না। কল্পনা আক্তার বলেন, গন্ধে ঘুমাতেও কষ্ট হয়।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুজা উদ্দিন তালুকদার বলেন, পোলট্রি বর্জ্যের কণা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে ঢুকে ফুসফুসের রোগের কারণ হতে পারে। এর থেকে শ্বাসকষ্ট এবং হার্টের ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এসব খামার সংলগ্ন এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকে।
একই চিত্র দেখা যায়, লখিন্দর গ্রামে প্যারাগন, কাহালগাঁও এলাকায় নারিষ এবং সানবান্দা গ্রামে সিপি বাংলাদেশের আরও দুটি খামারে। লক্ষিন্দর গ্রামের দিনমজুর হবিবুর রহমান বলেন, গরিব মানুষের কথা কে শুনব। খামারের গন্ধের কথা বলতে গেলেই বিপদে পড়তে হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছে সাগরদিঘী এলাকার মানুষ। আর ঢাকায় বসে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীর হাত অনেক লম্বা। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না।
সিপি বাংলাদেশ লিমিটেডের সাগরদিঘী অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তা ওমর ফারুক তাঁদের খামার থেকে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি অস্বীকার করে বলেন, গন্ধ যাতে খামারের বাইরে না যায়, সে ব্যবস্থা তাঁদের নেওয়া আছে। তবে ট্রাকে করে বিষ্ঠা নিয়ে যাওয়ার সময় গন্ধ কিছুটা ছড়াতে পারে বলে তিনি জানান।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আমিরুল ইসলাম বলেন, কোনো খামার পরিবেশ দূষণ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, পরিবেশদূষণ কমাতে ছোট খামারিদের বাধ্যতামূলকভাবে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করানো হচ্ছে। বড় খামারগুলোকে পরিবেশদূষণ রোধের ব্যাপারে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।