পোলট্রি নিয়ে শো সেমিনার ২ মার্চ
আগামী ২ থেকে ৪ মার্চ পর্যন্ত রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পোলট্রি শো ও সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশি-বিদেশি ১৯৫টি পোলট্রি-সংশ্লিষ্ট কোম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি নিয়ে আসবে। এবারের মেলায় ৪৯০টি স্টল বসবে। মেলায় যাওয়ার জন্য মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মেলা অঙ্গন পর্যন্ত শাটল বাস থাকবে। এবারের মেলার মূল স্লোগান ‘পোলট্রি ফর বেটার টুমরো’ (সুন্দর আগামীর জন্য পোলট্রি)।
গতকাল রোববার পোলট্রি শোর আয়োজক সংস্থা পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলা হয়। আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনারের প্রচারের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিট দ্য প্রেসের আগে সকাল সোয়া ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় ৫০০ খামারি ও উদ্যোক্তা এতে অংশ নেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি শামসুল আরেফিন খালেদ।
শামসুল আরেফিন বলেন, দেশের পোলট্রি খাতের উদ্যোক্তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে কম খরচে মুরগি ও ডিম উৎপাদন করছেন। এতে দেশের অন্যান্য খাদ্যের দাম বাড়লেও মুরগি ও ডিমের দাম ততটা বাড়েনি। বিজ্ঞপ্তি।