পোলট্রি হ্যাচারি বন্ধ করে দিয়েছে তিনটি শ্রমিক সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বের পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কাজী ফার্মস গ্রুপের হবিবপুর পোলট্রি হ্যাচারির কার্যক্রম বন্ধ করে দিয়েছে তিনটি শ্রমিক সংগঠন। ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল এবং বদলি বন্ধ করা না হলে কর্মবিরতি ও পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।
হবিবপুর গ্রামের বাসিন্দা নুর জামান হক নিজেকে কাজী ফার্মসবিরোধী সংগ্রাম কমিটির স্থানীয় সভাপতি দাবি করে অভিযোগ করেন, হবিবপুর পোলট্রি হ্যাচারিতে ১৫-১৬ জন স্থানীয় শ্রমিক যানবাহন থেকে মালামাল বোঝাই ও নামানোর কাজ করতেন। কিন্তু গত ১৪ মার্চ হ্যাচারি কর্তৃপক্ষ জৈব নিরাপত্তার অজুহাত দেখিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়। স্থানীয় রাজনৈতিক নেতারা বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েও ব্যর্থ হন। এর মধ্যে হ্যাচারি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে স্থায়ী শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের বিভিন্ন এলাকায় বদলি করতে শুরু করে। প্রতিবাদে স্থানীয় শ্রমিকেরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ১৯ মার্চ হ্যাচারির মুরগির বাচ্চা ও মালামাল পরিবহনে বাধা দেন।
হবিবপুর পোলট্রি হ্যাচারির ব্যবস্থাপক মাসুদ আলম বলেন, রোগবালাই আক্রমণ থেকে রক্ষার জন্য পোলট্রি খামারকে সব সময় জৈব নিরাপত্তাবলয়ে রাখতে হয়। খামারের মুরগি নিরাপদ রাখতে বাইরের শ্রমিক দিয়ে মালামাল ওঠানো-নামানোর কাজ কমিয়ে আনা হয়েছে। তবে হ্যাচারি থেকে সুযোগ-সুবিধা নেওয়ার জন্য নুর জামান স্থানীয় শ্রমিক ও গ্রামবাসীকে উত্তেজিত করায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাবি আদায়ে ২২ মার্চ ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও কুলি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে সংগ্রাম কমিটি গঠন করা হয়। দাবি আদায়ে তারা ২৫ মার্চ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। দাবি পূরণে ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। ওই সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হওয়ায় গতকাল বুধবার বিকেলে পুরোনো বাসস্ট্যান্ডে শ্রমিক সমাবেশের মাধ্যমে কর্মবিরতিসহ ১১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কাজী ফার্মসবিরোধী সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. জয়ন উদ্দিন বলেন, দাবি মানা হলে আন্দোলন বন্ধ করা হবে।
কাজী ফার্মস গ্রুপের প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী শেখ ফয়সাল আলম জানান, হ্যাচারির জৈব নিরাপত্তার কথা ভেবে অস্থায়ী শ্রমিক দিয়ে কাজে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিষয়টি সমাধানে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয়নি।