পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, কেন্দ্র পাহারা কমিটি বিএনপির
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থীর পোলিং এজেন্টদের বিশেষভাবে প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি। নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারার জন্য করা হচ্ছে আলাদা কেন্দ্র কমিটি।
গাজীপুর সিটি নির্বাচনে কারচুপি, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা করছে প্রধান বিরোধী দল বিএনপি। তাই আগাম সতর্কতা হিসেবে গত মঙ্গলবার থেকে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। এর পাশাপাশি কেন্দ্র কমিটিও গঠন করা হয়েছে বলে বিএনপির সূত্রগুলো জানায়।
দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনের সাবেক সচিব আবদুর রশীদ সরকার ও সাবেক সচিব আবদুল হালিম পোলিং এজেন্টদের এ প্রশিক্ষণ দিচ্ছেন। মঙ্গলবার গাজীপুর চৌরাস্তায় বিএনপির কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও আ স ম হান্নান শাহও অংশ নেন। তাঁরা নির্বাচনে কারচুপির আশঙ্কা থেকে এজেন্টদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন, মূলত নির্বাচন চলার সময় ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম, কারচুপি বা জালজালিয়াতির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে তা কীভাবে লিখিত আকারে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে, তা হাতে-কলমে শেখানো হচ্ছে।
এ ছাড়া নির্বাচনের সময় ভোটের বাক্স পরখ করে দেখা, ব্যালট বইয়ের দিকে নজর রাখা, কাউকে অপরিচিত মনে হলে চ্যালেঞ্জ করা এবং ভোট গ্রহণ শেষে সই করা ফলাফল শিট না নিয়ে কেন্দ্র ছেড়ে না আনতে বলা হয়েছে। কয়েক ভাগে চলা এ প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।
গাজীপুরে ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল মান্নানের নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা বিএনপির দুজন নেতা জানান, পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতার জন্য দলের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। প্রতিপক্ষের হুমকিতে এবং কোনো ধরনের বৈষয়িক প্রলোভনে পড়ে যাতে কেউ অবস্থান পরিবর্তন না করে বসেন, সে জন্য স্থানীয়ভাবে প্রভাবশালী এবং দলের প্রতি একনিষ্ঠ কর্মীকে এজেন্ট নিয়োগ করার কথা বলা হয়েছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর সিটি নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর প্রধান সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন, ‘মাঠের পরিস্থিতি সরকার বুঝে গেছে। এ কারণে তারা দলীয় সমর্থকদের প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করাসহ প্রজাতন্ত্রের কর্মকর্তাদের প্রভাবিত করছে। আমরা বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে জানিয়েছি। এর পাশাপাশি পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া ও কেন্দ্র পাহারার জন্য কমিটি করা হচ্ছে।’
নির্বাচনে কারচুপির আশঙ্কা এবং দলের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে এ ধরনের কৌশলগুলো তো থাকেই। তবে আমরা সরকারের কিছু পদক্ষেপ নিয়ে আশঙ্কায় আছি। এ বিষয়গুলো নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি, ভোটারদের সচেতন করছি, গণমাধ্যমকে বলছি এবং নির্বাচন কমিশনকে জানাচ্ছি।’