পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর
দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা যশোরের মনিরামপুরে দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আজ শনিবার প্রশাসন সূত্র ও সরেজমিনে এ তথ্য পাওয়া গেছে।
বিএনপি-সমর্থিত প্রার্থী মশিউর রহমানের দাবি, ৭০টি কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের বের করে দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন লাবলু।
প্রথম আলোর কাছে দুপুর ১২টার দিকে মশিউর রহমান অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার দেড় ঘণ্টার মধ্যেই তাঁর পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। তবে কোনো প্রতিকার পাননি।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও শরীফ নজরুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বিএনপির প্রার্থী মশিউর রহমান তাঁর কাছে পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়ম সম্পর্কে বলেছেন। প্রশাসন তাত্ক্ষণিভাবে ওইসব কেন্দ্রে খোঁজ নিয়ে এসব অভিযোগের সত্যতা পায়নি।
সকাল সাড়ে নয়টার দিকে জামায়াত সমর্থিত প্রার্থী গাজী এনামুল হক প্রথম আলোর কাছে দাবি করেন, চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা মন্টুর কর্মী-সমর্থকেরা ভেতরে বসে জাল ভোট দিচ্ছেন। তবে সকাল ১০টার দিকে ওই কেন্দ্রে গিয়ে এই দুই প্রতিবেদক এই দাবির সত্যতা পাননি।
তবে ওই কেন্দ্রের আধা কিলোমিটার দূরে কয়েকজন ভোটার অভিযোগ করেন, তাঁরা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। সরকারি দলের কর্মী-সমর্থকেরা তাঁদের বাধা দিয়েছেন।
চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অন্যান্য কেন্দ্রের তুলনায় সকাল ১০টা পর্যন্ত চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের হার তুলনামূলক কম ছিল। অন্য কেন্দ্রগুলোতে যেখানে দুই ঘণ্টায় ২০০-২৫০ এর মতো ভোট পড়ে, সেখানে এ কেন্দ্রে ওই সময়ে ৭৭টি ভোট পড়েছিল।
মনিরামপুর উপজেলায় ১২২টি কেন্দ্রে ভোট হচ্ছে। ভোটার সংখ্যা দুই লাখ ৮৬ হাজার।