পোলিং কর্মকর্তা নিয়োগে বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে দুটি বিদ্যালয়ের ১৫ জন শিক্ষককে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েও পরে বাতিল করা হয়েছে। কেননা, ওই দুটি বিদ্যালয় স্থাপন করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তাঁর পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলামের ভাষ্য হলো, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত—এই জাতীয় সাতটি স্কুল ও কলেজের শিক্ষকদের এ দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।
অথচ ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা সরাসরি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। আর ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা নির্বাচনী দায়িত্বও পালন করেন না। কেবল শিক্ষকেরা যদি কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে থাকেন, তবেই তাঁদের নির্বাচনী দায়িত্ব পালনে অযোগ্য হওয়ার কথা।
নির্বাচন কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ মার্চ জেলা শহরের কমলাপুর মহল্লার ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সাতজন ও সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চরদুর্গাপুর এলাকার মোহন মিয়া উচ্চবিদ্যালয়ের আটজন শিক্ষককে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ৯ মার্চ তাঁদের নিয়োগ বাতিল করে নিয়োগপত্রগুলো ফেরত নেওয়া হয়।
মোহন মিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিএনপির নেতা চৌধুরী কামালের ছোট ভাই ফয়সাল ইবনে ইউসুফ। ময়েজ উদ্দীন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাঁর চাচাতো ভাই চৌধুরী মমতাজ হোসেন। নির্বাচনে তাঁদের পরিবারের কোনো সদস্য প্রার্থী হননি। তবে বিএনপি-সমর্থিত প্রার্থী এ এইচ এম মাহাবুবুল হাসানের সমর্থনে গণসংযোগ করেছেন কামাল ইউসুফ।
কামাল ইবনে ইউসুফ বলেন, ‘আমার ভাই ফয়সাল ও চাচাতো ভাই মমতাজ কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।’
মোহন মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম মোল্লা বলেন, ‘আমাদের শিক্ষকেরা সব সময়ই সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব সম্পন্ন করেন। এবার এ কার্যক্রম থেকে আমাদের বাদ দেওয়ায় শিক্ষক হিসেবে অপমানজনক মনে করছি।’
একই অভিমত দিয়ে ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের আজাদ বলেন, ‘নির্বাচনী কাজে আমরা নিরপেক্ষ থাকব না—আমাদের নিয়ে এ কথা ভাবা হয়েছে জেনে কষ্ট পাচ্ছি।’
এ ব্যাপারে ইউএনও জহিরুল ইসলাম বলেন, ‘নির্বাচন কর্মকর্তা নিয়োগে নির্বাচন কমিশনের পরিপত্র অনুসরণ ও বিতর্ক এড়ানোর বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপত্তি থাকায় ওই দুই বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
অনুসন্ধানে দেখা গেছে, সদর উপজেলার অনেক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আওয়ামী লীগ বা বিএনপির নেতা হলেও সেই সব বিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখা হয়নি। সদরের কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জুলফিকার আলী মোল্লা কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, হাট গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মালেক মোল্লা একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহিদ হোসেন উপজেলা বিএনপির সদস্য। অথচ ওই সব বিদ্যালয়ের শিক্ষকদের পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।