পোলিও টিকাদানে অনিয়ম
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ২১তম জাতীয় টিকা দিবসে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। কর্মসূচি বাস্তবায়নে পূর্বপ্রস্তুতি হিসেবে অ্যাডভোকেসি সভা, স্বাস্থ্যকর্মীদের কর্মশালা করা এবং সময়মতো কর্মসূচি শুরু ও শেষ করা নিয়ে চরম অনিয়ম হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় স্থায়ী-অস্থায়ী মোট ১৭৮টি কেন্দ্রে শূন্য থেকে পাঁচ বছরের ৪১ হাজার ১১৯ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য ঠিক করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি শুরুর আগেই সবাইকে জানাতে অ্যাডভোকেসি সভা ও টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিয়ে কর্মশালা করার কথা ছিল। কিন্তু এখানে ওই দুটি কর্মসূচিকেই আড়াল করে বরাদ্দের টাকা গায়েব করা হয়েছে। শুধু অফিস স্টাফ দিয়ে দায়সারাভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বনপাড়া পৌর সচিব রেজাউল করিম জানান, পৌরসভার পরিচালিত তিনটি কেন্দ্রের মধ্যে সকাল সাড়ে আটটার দিকে মাত্র একটি কেন্দ্রের টিকা আসে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বারবার অভিযোগ করে সাড়ে নয়টার দিকে অপর দুটি কেন্দ্রের টিকা পাওয়া যায়।
পৌরসভার ১৩টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুপুর ১২টার পরই দুটি কেন্দ্রে কোনো টিকা দেওয়া হচ্ছিল না। এ ছাড়া বাকি ১১টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছিল। তবে টিকাদানের জন্য প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বাস্থ্যকর্মী থাকার কথা ছিল। কিন্তু কোনো কেন্দ্রেই একজনের বেশি স্বাস্থ্যকর্মী পাওয়া যায়নি।
মহিষভাঙ্গা কেন্দ্রের দায়িত্বরত স্বাস্থ্যকর্মী সাকিলা খাতুন জানান, পোলিও খাওয়ানোর ওপর তাঁদের কোনো প্রকার প্রশিক্ষণ বা নির্দেশনা দেওয়া হয়নি।
বনপাড়া বনরূপা আবাসিকের হীরা নামের এক অভিভাবক জানান, তিনি নয়টার দিকে টিকাকেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে থেকেছেন। তখনো টিকা পৌঁছেনি। এ বিষয়ে ইপিআই পরিদর্শক কিরিটি গোস্বামী অভিযোগ স্বীকার করে জানান, সকালের দিকে কিছুটা অনিয়ম হয়েছে। পরে সব ঠিক করে নেওয়া হয়েছে।
নাটোরের সিভিল সার্জন রকিবুল ইসলাম জানান, রাজনৈতিক অস্থিরতার মধ্যে কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে। কোথাও কোনো বড় ধরনের অসুবিধা হয়নি। কেউ টিকা না পেলে পরে সরবরাহ করা হবে।