পোশাক এখনো সম্ভাবনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত নারী-শ্রমিকদের অনেকেই সেই দুঃসহ যন্ত্রণা ভুলে কাজে ফিরেছেন। তাঁদেরই একজন বিউটি আক্তার। সাভারের আনন্দনগরে ‘অপরাজেয়’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের কারখানায় কাজ করছেন তাঁর মতো অনেকেই। ছবিটি গত সোমবার তুলেছেন সাহাদাত পারভেজ
আহত নারী-শ্রমিকদের অনেকেই সেই দুঃসহ যন্ত্রণা ভুলে কাজে ফিরেছেন। তাঁদেরই একজন বিউটি আক্তার। সাভারের আনন্দনগরে ‘অপরাজেয়’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের কারখানায় কাজ করছেন তাঁর মতো অনেকেই। ছবিটি গত সোমবার তুলেছেন সাহাদাত পারভেজ

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার পোশাক কারখানায় শুক্রবার উৎপাদন সবচেয়ে কম হয়। সোমবার উৎপাদনও থাকে প্রায় একই। শুক্রবার সেখানকার শ্রমিকেরা সাপ্তাহিক ছুটির প্রস্তুতিতে, আমেজে থাকেন। তাই উৎপাদনে মনোযোগ কমে যায়। দুই দিন ছুটির পর শ্রমিকেরা সোমবার কাজে বসেন। ফলে গতি আসে না। মঙ্গল থেকে গতি তৈরি হয়ে বুধ ও বৃহস্পতিবার তা চূড়ান্তে থাকে।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বেশ কয়েক বছর আগে ক্যারোলাইনায় একটি কারখানা পরিদর্শনের অভিজ্ঞতার এই গল্পটাই বললেন।
বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ রাশিয়ার ভ্লাদিভস্তকে একটি কারখানায় ওয়ার্কিং পার্টনার অর্থাৎ বিনিয়োগ ছাড়া ব্যবস্থাপনার মাধ্যমে মালিকানার প্রস্তাবে সাড়া দিয়েছিলেন। ভ্লাদিভস্তকের শ্রমিকেরা ঠিক নয়টায় কারখানায় আসেন। কেউ দেরি করেন না। বেলা একটায় ঘণ্টা বাজলে সবাই আবার মধ্যাহ্নভোজে যোগ দেন। আবার দুইটা এক মিনিটে কাজ শুরু করেন, পাঁচটায় একযোগে বের হয়ে যান।
কয়েক দিন ধরে তিনি কর্তৃপক্ষকে জানান, এই কারখানা টিকবে না। কারণ, সেলাই বা কাপড়

কাটা শুরু হওয়ার পর ওই অবস্থায় শ্রমিকেরা উঠে গেলে সেই সেলাই বা কাটিং সমন্বয় করা সম্ভব হবে না।

বাংলাদেশে শ্রমিকেরা সাপ্তাহিক ছুটির আমেজে থাকেন না। দিনের কাজটা শেষ করেন। হাতের কাজটা শেষ না করে কেউ খেতেও যান না। শ্রমিকের দক্ষতা-একাগ্রতা, জামদানির ঐতিহ্যের চিকন আঙুল ও বিশ্বের সবচেয়ে কম মূল্যে শ্রম—এটাই বাংলাদেশের সাফল্যের সূত্র ও সম্ভাবনা।
রানা প্লাজা ধসের পর বিশ্বব্যাপী সে সময় বাংলাদেশের যে ভাবমূর্তি তৈরি হয়েছিল, তাতে মনে করা হচ্ছিল, বাংলাদেশে পোশাক খাতের ব্যবসা বোধ হয় অনেকখানি হাতাছাড়া হবে। কিন্তু এক বছর পরও সম্ভাবনার খাত হিসাবেই পোশাক খাত আশাবাদ তৈরি করেছে। এর মধ্যে আবার সহিংস-ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে দেশে। কিন্তু পোশাক খাতের প্রবৃদ্ধি কমেনি।
ক্রেতাদের জোট: রানা প্লাজা ধসের পর বিদেশি ক্রেতারাও তাদের দেশগুলোতে ভোক্তাদের প্রচণ্ড চাপের মধ্যে পড়ে। আমেরিকা, কানাডা ও ইউরোপের দেশে দেশে প্রশ্ন ওঠে, শ্রমিকের মৃত্যুঝুঁকিতে থাকা এসব কারখানায় উৎপাদিত পণ্য কেনা কতটা নৈতিক। গঠন করা হয় ক্রেতাদের দুটি জোট—অ্যাকর্ড ও অ্যালায়েন্স। তারা বাংলাদেশের পোশাক কারখানাগুলোর শ্রম পরিবেশ পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। আশঙ্কা করা হচ্ছিল, বাংলাদেশের পোশাক খাতের ব্যবসা অনেকটা হাতছাড়া হতে পারে। মালিক সমিতিগুলো উদ্বেগ প্রকাশ করে।
দুই জোট ইতিমধ্যে দেশের ৭০০ কারখানা

পরিদর্শন করেছে। এর মধ্যে মাত্র চারটি ভবনে অবস্থিত ১৩টি কারখানা জোটের বিবেচনায় অযোগ্য হয়েছে।
বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠান ও মালিক সমিতির সূত্রগুলো বলছে, এ তথ্য তাদের জন্য স্বস্তিদায়কই কেবল নয়, বরং সম্ভাবনার সুখবর দিচ্ছে। বিশ্বের দেশে দেশে এ তথ্য পৌঁছে গেছে ইতিবাচক খবর হিসেবে।
বিজিএমইএর জরিপ: বিজিএমইএ সম্প্রতি একটি জরিপ চালায়। অন্য ব্যবসাপ্রতিষ্ঠান বা বাসাবাড়ির সঙ্গে যেসব পোশাক কারখানা অবস্থিত (শেয়ারড বিল্ডিংয়ে কারখানা), সেখানে প্রশ্ন-উত্তরের মাধ্যমে এই জরিপ চালানো হয়। বৃহত্তর ঢাকায় ৫৬৯টি এমন কারখানা রয়েছে। তার মধ্যে ৪১১টি সরেজমিন করেছেন জরিপের কর্মীরা। এর আবার ৬২টি কারখানা ক্রেতাদের কাছ থেকে সরাসরি কাজ পায় না। ক্রেতাদের কাছ থেকে রপ্তানির কাজ আনা প্রতিষ্ঠানগুলোর সাব-কন্ট্রাক্ট বা ঠিকা কাজ করে।
সরেজমিনে ৪১১ কারখানার ৫৭টি প্রতিষ্ঠান জানিয়েছে, ক্রেতারা তাদের কাছে দেওয়া কাজ প্রত্যাহার করেছে। এই তথ্য অনুসারে রপ্তানি কাজ প্রত্যাহার হয়েছে প্রায় দুই কোটি ৩৯ লাখ পিস পোশাকের, যার রপ্তানির মূল্যমান ছিল প্রায় সাড়ে ১১ কোটি ডলার।
সার্বিক বিষয়ে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজীম বলেন, ‘আমি খুবই আশাবাদী। আমি মনে করি, পোশাক কারখানাগুলো ক্রেতাদের পর্যবেক্ষণ থেকে যদি একবার পুরো খাতের মান সম্পর্কে প্রত্যয়নপত্র পেয়ে যায়, সেটা ভালো। তাতে নাজুক অল্প কিছু কারখানা বন্ধ হলেও সার্বিক খাতের জন্য অত্যন্ত ইতিবাচকই হবে।’