পোশাক কারখানা তদারকি করতে টাস্কফোর্স হচ্ছে
তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর দেশের তৈরি পোশাকশিল্প খাতকে তদারক করতে শ্রমমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হচ্ছে। এতে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিশেষ বৈঠকে শ্রমসচিব মিকাইল শিপার এ সিদ্ধান্তের কথা জানান। শ্রমসচিব বলেন, ‘পোশাক কারখানাগুলোর কমপ্লায়েন্স ঠিকমতো পরিপালন করা হচ্ছে কি না, এই কমিটি তা তদারক করবে। টাস্কফোর্সের পৃথক কমিটি মাসে অন্তত ২০টি কারখানা পরিদর্শন করতে পারবে। শিগগিরই এই টাক্সফোর্স গঠন করা হবে।’শ্রমসচিব সাংবাদিকদের জানান, তাজরীনের ঘটনায় মালিকের দায় অস্বীকার করার উপায় নেই। কমিটির সভাপতি ইসরাফিল আলম সাংবাদিকদের বলেন, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়ার সুপারিশ করেছে কমিটি। বৈঠকে কমিটির সদস্য জাকির হোসেন, ননী গোপাল মণ্ডল ও রওশন জাহান সাথী অংশ নেন। এ ছাড়া এফবিসিসিআই, বিজিএমইএসহ গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।