পোশাক কারখানা থেকে ১৫ লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় ‘নিউটেক’ নামের পোশাক তৈরি কারখানা থেকে ১৫ লাখ টাকা চুরি হয়েছে। গত রোববার দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই ভবনের দারোয়ানসহ তিন ব্যক্তিকে আটক করেছে।নিউটেকের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের মালিক ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার জন্য ৩৫ লাখ টাকা পৃথক দুটি লকারে রাখেন। রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা একটি লকার ভেঙে ১৫ লাখ টাকা নিয়ে যায়। ঘটনার পর থেকে কারখানার কর্তব্যরত দারোয়ান জুয়েল পলাতক। তাঁর নাম ও ঠিকানা নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান ফেয়ার গার্ড বা কারখানার মালিকপক্ষের কাছে নেই।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, জুয়েল নামের এক দারোয়ানকে এক সপ্তাহ আগে পোশাক তৈরির কারখানায় নিয়োগ দেওয়া হয়। অথচ ওই দারোয়ানের নাম-ঠিকানা কারখানার মালিক কিংবা নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান ফেয়ার গার্ডের মালিকপক্ষের কাছে নেই। পলাতক দারোয়ান জুয়েলই ১৫ লাখ টাকা চুরি করেছেন বলে তিনি মনে করেন।ওসি রফিকুল বলেন, ‘আমরা ফেয়ার গার্ডের ব্যবস্থাপক ও ভবনের আরেক দারোয়ানসহ তিনজনকে আটক করেছি। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।’