পোশাক কারখানা থেকে ৩৫ লাখ টাকা জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার একাডেমির লেক ও তুরাগ নদ দূষণের দায়ে গতকাল মঙ্গলবার একটি তৈরি পোশাক কারখানাকে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে গতকাল সকালে ওই অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানার বর্জ্য ও রাসায়নিক থেকে ভয়াবহ দূষণের ঘটনা ধরা পড়ে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সফিপুর পশ্চিমপাড়া এলাকার মাহমুদ ডেনিমস লিমিটেড নামের তৈরি পোশাক কারখানাটির দুটি অবৈধ পথে নির্গমন হওয়া দূষিত তরল বর্জ্য তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায়, প্রতি লিটারে মাত্র শূন্য দশমিক ৪ মিলিগ্রাম (আদর্শ মাত্রা ৪.৫-৮)। এ মাত্রা জলজ প্রাণী বেঁচে থাকার উপযোগী নয়। কারখানাটির বর্জ্যমিশ্রিত পানি কৃষিজমি হয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির নিজস্ব লেকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তুরাগ নদে পতিত হচ্ছে। এতে নদের পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা ধ্বংস হচ্ছে। এ ছাড়া কারখানাটির কোনো পরিবেশ ছাড়পত্র নেই। এসব কারণে ওই কারখানাকে ৩৫ লাখ টাকা জরিমানা আদায় এবং আগামী ১৫ দিনের মধ্যে তরল বর্জ্য পরিশোধনাগারের ত্রুটি সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।কারখানায় অভিযানের আগে পরিবেশ অধিদপ্তরের দলটি সফিপুর আনসার একাডেমির লেকে সরেজমিনে পরিদর্শনে যায়। পরিদর্শনের সময় তারা দেখতে পায়, প্রচণ্ড দুর্গন্ধময় কালো ও নীল বর্ণের দূষিত পানি প্রবাহিত হয়ে একাডেমির আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। লেকের পৃথক দুটি স্থান থেকে বর্জ্যমিশ্রিত পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা যায়, তাতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে মাত্র শূন্য দশমিক ৫ মিলিগ্রাম ও শূন্য দশমিক ৬ মিলিগ্রাম।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।