পোশাক কারখানা প্রতিষ্ঠায় ৭-২০ লাখ টাকা ঘুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ষ প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ষ প্রথম আলো

নতুন একটি তৈরি পোশাক কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারি ১৬টি সেবামূলক প্রতিষ্ঠানকে ৭ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দেন একজন উদ্যোক্তা। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া অতিরিক্ত অর্থ দেশে ঘুষ হিসেবে প্রচলিত।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার টিআইবি ‘তৈরি পোশাক খাত: সুশাসনের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এবং নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রতিবেদনটি পাঠ করেন গবেষণা দলের সদস্য শরীফ আহমেদ চৌধুরী ও নাজমুল হুদা।
টিআইবি এ সময় আরও জানায়, বর্তমান সাংসদদের মধ্যে ১০ শতাংশ তৈরি পোশাকশিল্পের সঙ্গে সরাসরি জড়িত। এ ছাড়া পরোক্ষভাবে অনেক রাজনীতিকের পরিবার ও নিকটাত্মীয় এই খাতের সঙ্গে জড়িত। যার ফলে এ খাতের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের যথেষ্ট প্রভাব রয়েছে। পোশাকমালিকদের এই প্রভাব সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে বড় সমস্যা।

টিআইবির হিসাবে, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশি অর্থ দিতে হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউককে। ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটিকে এক লাখ ২৪ হাজার থেকে তিন লাখ ৫৪ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এ ছাড়া একই প্রতিষ্ঠান থেকে ভূমি ব্যবহারের ছাড়পত্র নিতে দিতে হয় আরও ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

রাজউক ছাড়া সরকারি আরও যেসব প্রতিষ্ঠানকে এই অর্থ বা ঘুষ দিতে হয় সেগুলো হলো: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে ৫ থেকে ৪০ হাজার টাকা, শ্রম পরিদপ্তরে দুই হাজার থেকে এক লাখ, সিটি করপোরেশন বা পৌরসভা বা ইউনিয়নে এক হাজার থেকে তিন লাখ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ৫ থেকে ৪০ হাজার, বয়লার পরিদর্শকের কার্যালয়ে ৫০ থেকে ৬০ হাজার, পরিবেশ অধিদপ্তরে ১০ হাজার থেকে এক লাখ ২০ হাজার, বিনিয়োগ বোর্ডে ১০ থেকে ২০ হাজার, ইপিবিতে ২ থেকে ১০ হাজার, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩০ থেকে ৫০ হাজার, এনবিআরে ৫ থেকে ২৫ হাজার, কাস্টমস অ্যান্ড এক্সাইজে এক লাখ থেকে আড়াই লাখ, জয়েন্ট স্টক কোম্পানিতে ৩০ থেকে ৪০ হাজার, ডেসা বা ডেসকোতে ৫০ হাজার থেকে এক লাখ, তিতাস গ্যাসে ৫০ হাজার থেকে এক লাখ এবং ওয়াসায় দিতে হয় ১০ থেকে ৫০ হাজার টাকা।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী, সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন এলাকার পোশাকশিল্প কারখানাসহ ৮০টি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে এই খাতের সুশাসনের অভাবের জন্য পোশাকমালিক, শ্রমিক, ক্রেতা, সরকারি সেবাপ্রতিষ্ঠানের নানা সমস্যা, অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি এ শিল্পের সাফল্যের দিকটিও উঠে আসে প্রতিবেদনে। বলা হয়, অনিয়ম ও দুর্নীতি রোধ করতে হলে জড়িতদের শাস্তির আওতায় আনার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে সুলতানা কামাল বলেন, পোশাক খাতের সুশাসনের ঘাটতি আকস্মিক কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরে এ খাতে অনিয়মগুলো ঘটে চলেছে।

ইফতেখারুজ্জামান বলেন, দেশের সবচেয়ে বড় এই খাতের জন্য সুনির্দিষ্ট কোনো অভিভাবক নেই। এ জন্য দায় এড়ানোর প্রবণতাও বেশি। তাই এ খাতের জন্য আলাদা একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার সুপারিশ রয়েছে টিআইবির।

টিআইবি বলছে, পোশাক খাতে ১৫৭টি শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়নের মধ্যে সক্রিয় রয়েছে মাত্র ৪০ থেকে ৫০টি। কারখানা পর্যায়ে নেতৃত্ব তৈরিতে প্রতিবন্ধকতার কারণে শ্রমিক নেতৃত্ব ৪০ থেকে ৫০ জন ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে রয়েছে। আবার পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ বেসরকারি প্রতিষ্ঠান হলেও ক্ষেত্রবিশেষে এটি সরকারি কর্তৃত্বের চর্চা করে। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ভবন নির্মাণ এবং সেটি টিকিয়ে রাখার চেষ্টা করছে বিজিএমইএ।

পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠায় ২৫টি সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে টিআইবির প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে: আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, প্রতিটি কারখানায় শ্রম সংঘ বাধ্যতামূলক করা, পোশাক কারখানা-অধ্যুষিত এলাকায় আধুনিক যন্ত্রপাতি, জনবলসহ ফায়ার স্টেশন স্থাপন, দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ বৃদ্ধি, কর্মপরিবেশের ত্রুটির কারণে সংঘটিত দুর্ঘটনার জন্য দায়ী মালিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বিধান শ্রম আইনে সংযোজন, পোশাকশিল্পের মালিকদের এ খাত সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্ত না করা, মালিক ও ক্রেতার অংশগ্রহণের ভিত্তিতে কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিল গঠন ইত্যাদি।